আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জমি নিয়ে বিরোধ, দুপক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১০

উপজেলা প্রতিনিধি, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)

জমি নিয়ে বিরোধ, দুপক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১০

কবরস্থানে জমি দান করাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। টেঁটাবিদ্ধ হয়েছেন তিনজন। এদের মধ্যে দুইজনই নারী।

বিজ্ঞাপন

শনিবার দুপুর ১২টায় আড়াইহাজার উপজেলার সীমান্তবর্তী নরসিংদী জেলার মাধবদী থানার ডৌকাদি এলাকা এই সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতের মধ্যে কুলসুম বেগম (৪০), সিরাজুল ইসলাম (৪৫) ও শাহীন মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং মুন্নী আক্তার (৩৫), আব্দুস সাত্তার (৪০) ও খোকন মিয়াকে (৩৫) আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। এদের মধ্যে টেঁটাবিদ্ধ হয়েছেন কুলসুম, মুন্নী ও সাত্তার।

আহতদের স্বজনরা জানান, ডৌকাদির সামাজিক কবরস্থানে এক শতাংশ জায়গা দান করা নিয়ে শাহীন ও মোখলেছের পরিবারের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে বেশ কয়েকবার সালিশ বৈঠক হলেও তা সমাধান হয়নি। শনিবার ফের এ নিয়ে সালিশ বসে। এতে কবরস্থানের পাশে শাহীনের পরিবারের এক শতাংশ জায়গা দিয়ে দিলে মোখলেছের পরিবারের পক্ষ থেকে শাহীনের পরিবারকে তাদের বাড়ির পাশে এক শতাংশ জায়গা দেয়ার সিদ্ধান্ত হয়। একপর্যায়ে এ সিদ্ধান্ত মোখলেছের পরিবার প্রত্যাখান করলে বাগবিতণ্ডা ও হাতাহাতি শুরু হয়। পরে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ অন্তত ১০ জন আহত হয়। সংঘর্ষকালে দুজন নারী টেটাঁবিদ্ধ হয়।

মাধবদী থানার ওসি নজরুল ইসলাম জানান, এ ব্যাপারে কোনো পক্ষই অভিযোগ দেয়নি। তবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন