দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে রাজবাড়ীতে যুবদলনেতা বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে রাজবাড়ীতে যুবদলনেতা বহিষ্কার
ছবি: আমার দেশ

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি-আদর্শ পরিপন্থি আচরণের কারণে রাজবাড়ী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এস এম কাউসার মাহমুদকে বহিষ্কার করা হয়েছে। বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞাপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বহিষ্কারাদেশে লেখা হয়, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

বিজ্ঞাপন

তাতে আরো লেখা হয়, বহিষ্কৃত নেতাদের কোনো অপকর্মের দায় নেবে না দল। যুবদলের সব ধরনের নেতাকর্মীকে তার বা তাদের সঙ্গে সাংগঠনিক কোনো সম্পর্ক না রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে যুবদলের জেলা আহ্বায়ক খাইরুল আনাম বকুলের সঙ্গে মোবাইল ফোনে কথা বলতে চাইলে তিনি ফোন রিসিভ করেননি।

জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বলেন, পুলিশের সঙ্গে কাউসারের মাদক ব্যবসার আসামি ধরাকে কেন্দ্র করে অসৌজন্য মূলক কথোপকথনের ভিডিও ভাইরাল হলে তাকে বহিষ্কার করা হয় বলে আমরা জানতে পেরেছি।

এ বিষয়ে অভিযুক্ত এস এম কাওসার মাহমুদ বলেন, একটি মহল ঈর্ষাণ্বিত হয়ে আমার বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং দলের কাছে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করছে। আশা করি অচিরেই দল আমাকে মূল্যায়ন করে স্বপদে ফেরাবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন