নরসিংদীর রায়পুরায় পূর্ববিরোধের জেরে বাড়িতে ঢুকে মোমেন মিয়া (৫৫) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আরও তিনজন আহত হয়েছেন।
রোববার (২ আগস্ট) উপজেলার চাঁনপুর ইউনিয়নের সওদাগরকান্দি এলাকার সরকারবাড়িতে মোমেন গ্রুপ ও পূর্বপাড়া ফরিদ গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটে।
নিহত মোমেন মিয়া ওই গ্রামের মৃত ধন মিয়ার ছেলে। আহত ব্যক্তিরা হলেন—মৃত খালেক মিয়ার ছেলে মোবারক (৬৫), শহীদ মিয়ার ছেলে নাজমুল হোসেন (৩০) এবং কুদ্দুস মিয়ার ছেলে রুহুল আমিন (৩৭)। তাঁরা রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতের স্বজন ও স্থানীয়দের দাবি, ফরিদ গ্রুপ ও সাবেক ইউপি চেয়ারম্যান মোমেন গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। স্থানীয় সংসদ সদস্য একাধিকবার দুই পক্ষের বিরোধ মীমাংসার উদ্যোগ নিলেও সম্প্রতি আবারও উত্তেজনা সৃষ্টি হয়। এরই জেরে রোববার সকালে ফরিদ গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মোমেন মিয়ার বাড়িতে ঢুকে অতর্কিত হামলা চালায়। এ সময় মোমেন মিয়াকে মাথা ও পায়ে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. বিনিতা বলেন, রক্তাক্ত অবস্থায় মোমেন মিয়াকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার সময় তার শরীরে পালস ও রক্তচাপ পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়েছে।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁনপুর ইউনিয়নের সওদাগরকান্দি এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোমেন মিয়া নামে একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এছাড়া কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

