জয়দেবপুর-ঢাকা সড়কে বাসচাপায় নওগাঁ জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজ হাসান (৫২) নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী লতিফা জেসমিন (৪৮)।
গতকাল শুক্রবার রাত ১০টার দিকে গাজীপুর জেলা পুলিশ লাইনসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তাফিজ রাজশাহী মহানগরের মতিহার থানার বাসিন্দা। তিনি রাজশাহীর কাজলা গ্রামের আক্তার হোসেনের ছেলে এবং নওগাঁ জেলার ডিবি অফিসে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্বরত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মেহেদী হাসান। তিনি জানান, রাতে স্ত্রীকে নিয়ে ব্যক্তিগত গাড়ি রেখে সড়ক পার হয়ে পুলিশ লাইনসের বিপরীতে একটি দোকানে যান মোস্তাফিজ। কাজ সেরে ফেরার পথে চান্দনায় ‘পথের সাথী’ পরিবহনের একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে দুজনই গুরুতর আহত হন।
পরে পুলিশ ও স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে গাজীপুরে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মোস্তাফিজকে মৃত ঘোষণা করেন। লতিফা জেসমিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি মেহেদী হাসান বলেন, ঘটনার পর বাস ও বাসের চালককে আটক করা হয়েছে। আটক চালকের নাম সুমন মিয়া। তিনি গাজীপুরের কাপাসিয়া উপজেলার উড়ন গ্রামের কফিল উদ্দিনের ছেলে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

