আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শিক্ষার পাশাপাশি সুস্থ বিনোদনের বিকল্প নেই: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

উপজেলা প্রতিনিধি, ধনবাড়ী (টাঙ্গাইল)

শিক্ষার পাশাপাশি সুস্থ বিনোদনের বিকল্প নেই: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

সনাগরিক হতে হলে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা মানুষের মনকে সচেতন করে তোলে। খেলাধুলা অপরাধমূলক কর্মকাণ্ড থেকে সমাজকে রক্ষা করে। তাই ভালোভাবে লেখা-পড়া করতে হলে শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলার সুন্দর পরিবেশ রাখতে হবে। সুস্থভাবে জীবনযাপন করতে খেলাধুলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন।

বিজ্ঞাপন

সোমবার বিকেলে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বীরতারা ইউনিয়নের কেন্দুয়া উচ্চ বিদ্যালয় মাঠে এক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠান উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, ‘শিক্ষার্থীরা যদি লেখাপড়ার সঙ্গে খেলাধুলায় মগ্ন থাকে, তাহলে অনৈতিক কর্মকাণ্ড, সন্ত্রাস, মাদক তাদের স্পর্শ করতে পারবে না। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা মানুষের মনকে সচেতন করে তোলে। খেলাধুলা সমাজের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে সমাজকে দূরে রাখে। তাই সুস্থভাবে জীবনযাপন করতে শিক্ষার্থীরা লেখাপড়ার পাশিপাশি খেলাধুলা চালিয়ে যাবে। খেলাধুলা শিক্ষার্থীদের মনকে উৎফুল্ল করে, যার ফলে বৃদ্ধি পায় শিক্ষার হারও। সেই সঙ্গে আমরা দেশের মানুষকে ভোগান্তিমুক্ত রাখতে চাই। সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি ও সালিশমুক্ত রাখতে চাই। মানুষের সেবা করাই আমাদের একমাত্র লক্ষ্য, আমরা সেই লক্ষ্য পূরণে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

এ সময় ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, পৌর বিএনপির সভাপতি এস এম ছোবহান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, উপজেলা বিএনপির নির্বাহী সদস্য ধোপাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামাল হোসেন তালুকদার মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মহব্বত, সহসভাপতি এম এ মাজেদ বাদল, উপজেলা যুবদলের সদস্যসচিব আলী আল শাফি রিমু, বীরতারা ইউনিয়ন বিএনপির সভাপতি আমির হোসেন তারা, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান বাদশাসহ সব সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন