শ্রীপুরের মসজিদ মোড় এলাকায় ওষুধ ব্যবসায়ী হাসিবুল ইসলামকে পিটিয়ে হত্যা করেছে কিশোর গ্যাং। শ্রীপুর থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
শ্রীপুরে গভীর রাতে স্ত্রী ও আত্মীয় স্বজনসহ শ্বশুরবাড়ি এলাকায় প্রাইভেটকার থেকে নামার পর, স্ত্রী মাহমুদা আক্তারকে উত্ত্যক্ত করে কয়েকজন কিশোর । প্রতিবাদ করায় স্বামী হাসিবুল ইসলামকে পিটিয়ে হত্যা করে কিশোর গ্যাং এর সদস্যরা । হাসিবুল ইসলাম শ্রীপুর উপজেলার মসজিদ মোড় এলাকায় শ্বশুর বাড়িতে থেকে একটা ফার্মেসি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতেন । গতকাল রাতে দেশের বাড়ি বরিশাল থেকে স্ত্রী মাহমুদা আক্তার এবং আত্মীয়-স্বজনসহ শ্বশুর বাড়ির পাশে গাড়ি থেকে নামলে কিশোর গ্যাং এর সাথে কথা কাটাকাটি হয় । এক পর্যায়ে কিশোর গ্যাং এর সদস্যরা বুকের উপর ইট দিয়ে আঘাত করে।
গুরতর আহত অবস্থায় স্বজনরা স্থানীয় আল হেরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার্ড করেন। চিকিৎসাধীন অবস্থায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাত সাড়ে ৩ টায় তার মৃত্যু হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন বলেন, হাসিবুল ইসলাম নামের এক ব্যবসয়ীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। রাতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল । নিহতের পরিবারের দেয়া তথ্য অনুযায়ী আকবর আলীর ছেলে অন্তর (২০) ও মো. রোমানকে (১৯) গ্রেপ্তার করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

