ফতুল্লায় অপহৃত দুই বছরের শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

ফতুল্লায় অপহৃত দুই বছরের শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গত শুক্রবার অপহৃত হওয়া দুই বছরের এক শিশুকে উদ্ধার করেছে র‍্যাব। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক দম্পত্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

গত রোববার সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের হেফাজত থেকে অপহৃত শিশুটিকে উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃতরা হলেন- সুজন মিয়া (৩১) ও তার স্ত্রী মাজেদা (২৯)। সুজন মিয়ার বাড়ি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার চর কালিকাপুর এলাকায় এবং মাজেদার বাড়ি চাঁদপুর সদর উপজেলার পুরান বাজার এলাকায়। তারা উভয়েই ফতুল্লার লামাপাড়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

র‍্যাব-১১ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত সুজন মিয়া (৩১) ও মাজেদা (২৯) ভুক্তভোগী পরিবারের পাশের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন । প্রতিবেশী হওয়ায় তারা প্রায়ই শিশুটিকে কোলে নিতেন এবং আদর করতেন।

এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে দিকে আদর করার কথা বলে শিশুটিকে নিয়ে অপহরণ করেন তারা। অপহরণের পর অভিযুক্তরা শিশুর পরিবারের কাছে ফোন করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে শিশুটিকে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবার র‍্যাব-১১ এর শরণাপন্ন হলে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় র‍্যাব অভিযান শুরু করে। এক পর্যায়ে চাষাঢ়া এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী সুজন মিয়া ও মাজেদাকে গ্রেপ্তার করা হয় এবং তাদের কাছ থেকে শিশুটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন