দেশি-বিদেশি প্রায় এক হাজার দৌড়বিদের অংশগ্রহণে নরসিংদীর রায়পুরায় চতুর্থবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘রায়পুরা ম্যারাথন ২০২৬’। ‘রান ফর বাংলাদেশ, রান ফর সেফটি’ স্লোগানকে সামনে রেখে শুক্রবার ভোরে এ ম্যারাথনের আয়োজন করা হয়। রেললাইনের পাশ দিয়ে সবুজে ঘেরা গ্রামীণ সড়কে দৌড়ানোর অভিজ্ঞতা অংশগ্রহণকারী দৌড়বিদদের মুগ্ধ করে।
রায়পুরা উপজেলা প্রশাসন ও রায়পুরা রানার্স কমিউনিটির যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ ম্যারাথনের উদ্বোধন করা হয় ভোর ৪টায় উপজেলা চত্বরে। উদ্বোধন করেন নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা, রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান এবং রায়পুরা রানার্স কমিউনিটির পরিচালক সবুজ শিকদার।
এবারের ম্যারাথনে চারটি ক্যাটাগরিতে দৌড়বিদেরা অংশ নেন। এর মধ্যে ৪২ কিলোমিটার ফুল ম্যারাথনে ২৭০ জন, ২৫ কিলোমিটার দৌড়ে ২০০ জন, ১০ কিলোমিটার দৌড়ে ৪০০ জন এবং শিশুদের জন্য আয়োজিত এক কিলোমিটার দৌড়ে ১৩০ জন অংশগ্রহণ করেন। নির্ধারিত দূরত্ব অতিক্রম করে দৌড়বিদেরা ফিনিশিং লাইনে পৌঁছান।
প্রতিযোগীদের নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে ভোর থেকে সকাল ১১টা পর্যন্ত নরসিংদী-রায়পুরা আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়। ম্যারাথনের ট্র্যাকজুড়ে কয়েকটি হাইড্রেশন পয়েন্ট স্থাপন করা হয়। এসব পয়েন্টে দৌড়বিদদের জন্য পানি, বরফ ও বিভিন্ন খাবারের ব্যবস্থা ছিল। সার্বিক নিরাপত্তা ও ব্যবস্থাপনায় প্রায় ২০০ স্বেচ্ছাসেবকের পাশাপাশি পুলিশ, আনসার ও গ্রামপুলিশের সদস্যরা দায়িত্ব পালন করেন।
ম্যারাথনে অংশ নেওয়া দৌড়বিদেরা জানান, সুস্থ থাকতে নিয়মিত দৌড়ানোর বিকল্প নেই। শরীর ও মন ভালো রাখতে তাঁরা দৌড় চালিয়ে যাচ্ছেন। রায়পুরার প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা গ্রামীণ পরিবেশে দৌড়ানোর অভিজ্ঞতা তাঁদের কাছে ছিল বিশেষভাবে উপভোগ্য। এমন আয়োজন মানুষকে শরীরচর্চায় উৎসাহিত করার পাশাপাশি স্বাস্থ্যসচেতনতা বাড়াতেও ভূমিকা রাখবে বলে তাঁরা মনে করেন।
ম্যারাথনে অংশ নিয়ে সোয়ান গ্রুপের চেয়ারম্যান মো. খবির উদ্দিন খান বলেন, “সত্তরোর্ধ্ব বয়সেও ৪২ কিলোমিটার দৌড়ে অংশ নিতে পেরে আমি আনন্দিত। রায়পুরার সুন্দর ট্র্যাক, আতিথেয়তা ও প্রাকৃতিক পরিবেশ আমাকে মুগ্ধ করেছে। হাইড্রেশন পয়েন্টে স্বেচ্ছাসেবকেরা অত্যন্ত সুন্দরভাবে দায়িত্ব পালন করেছেন।”
আয়োজক কমিটির আহ্বায়ক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, অত্যন্ত সুন্দরভাবে ম্যারাথন ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। উপজেলা প্রশাসন ও রায়পুরা রানার্স কমিউনিটির যৌথ উদ্যোগে আয়োজনটি সফলভাবে শেষ করা সম্ভব হয়েছে। আগামীতে আরও সুন্দর ও জমকালো আয়োজনের মাধ্যমে রায়পুরাকে দেশ-বিদেশের মানুষের কাছে তুলে ধরার পরিকল্পনা রয়েছে।
রায়পুরা রানার্স কমিউনিটির রেস ডিরেক্টর সবুজ শিকদার বলেন, তরুণদের সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করা এবং মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যেই এ ম্যারাথনের আয়োজন করা হয়েছে। পাশাপাশি রায়পুরাকে দেশ-বিদেশে ইতিবাচকভাবে তুলে ধরা এবং মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বাড়ানোও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন করার পরিকল্পনা রয়েছে তাঁদের।
আয়োজকদের মতে, নিয়মিত দৌড় ও শরীরচর্চার মাধ্যমে সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি রায়পুরার প্রাকৃতিক সৌন্দর্য ও স্থানীয় পরিবেশকে দেশ-বিদেশের মানুষের কাছে তুলে ধরতে এ ম্যারাথন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

