মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ‘ইলিশ বাংলাদেশের গর্ব। মাদারীপুর ইলিশের অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল এবং পদ্মা নদীর সুস্বাদু রুপালি ইলিশের দেশজুড়ে সুনাম রয়েছে। জাতীয় এই সম্পদ রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।’
বৃহস্পতিবার সকালে মাদারীপুরের শিবচর উপজেলার চরজানাজাত উচ্চ বিদ্যালয় মাঠে জেলে পরিবারের মধ্যে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমাদ হানজালা।
প্রতিমন্ত্রী জেলেদের উদ্দেশে বলেন, ‘মা ইলিশ সংরক্ষণে নির্ধারিত ২২ দিন নদীতে মাছ ধরা থেকে সবাইকে বিরত থাকতে হবে। পাশাপাশি নিষিদ্ধ সময়ে কেউ যেন অবৈধভাবে জাল দিয়ে মাছ ধরতে না পারে, সেদিকে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সবাইকে কঠোর নজরদারি রাখতে হবে। নিষিদ্ধ ও অবৈধ জাল দিয়ে মাছ ধরা সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে।’
তিনি আরো বলেন, ‘মা ইলিশ সংরক্ষণ শুধু সরকারের একার দায়িত্ব নয়, এটি আমাদের সবার নৈতিক দায়িত্ব। আমরা যদি সম্মিলিতভাবে কাজ করি, তাহলে দেশের মৎস্যসম্পদ আরো সমৃদ্ধ হবে এবং জেলেদের জীবনমানও উন্নত হবে।’
তিনি জানান, ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণে নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা, পরিবহন, মজুদ ও বাজারজাতকরণ সম্পূর্ণ নিষিদ্ধ। এ সময়ে সরকারি নির্দেশনা কঠোরভাবে মেনে চলার জন্য তিনি জেলেদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমাদ হানজালা বলেন, ‘প্রতি বছর মা ইলিশ সংরক্ষণের সময় জেলেরা মাছ ধরা থেকে বিরত থাকেন। এবারও ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা মেনে নদীতে মাছ ধরা থেকে বিরত থাকতে হবে। ইলিশ একটি জাতীয় সম্পদ, তাই এই সম্পদ রক্ষায় জেলেসহ সর্বস্তরের মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’
অনুষ্ঠানে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় নিবন্ধিত জেলেদের মধ্যে ভিজিএফের চাল বিতরণ করা হয়। এ সময় প্রতিটি জেলে পরিবারকে ২৫ কেজি করে চাল দেওয়া হয়।
এ সময় মাদারীপুরের জেলা প্রশাসক মিস মর্জিনা আক্তার, পুলিশ সুপার ফজলে এলাহী, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান, মাদারীপুর-১ (শিবচর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী নাদিরা চৌধুরী মিঠু, শিবচর থানা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান, সদস্য সচিব সোহেল রানাসহ উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

