একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন গৃহবধূ

উপজেলা প্রতিনিধি, মির্জাপুর (টাঙ্গাইল)

একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন গৃহবধূ

টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধূ। নবজাতকদের মধ্যে একটি ছেলে ও তিনটি মেয়ে রয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।

মঙ্গলবার সকালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সফলভাবে সন্তান প্রসব সম্পন্ন হয়। বর্তমানে মা ও চার নবজাতকই সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বিজ্ঞাপন

হাসপাতাল সূত্রে জানা যায়, বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে দীর্ঘ প্রস্তুতির পর অপারেশন সম্পন্ন করা হয়। প্রসবের পর মা ও শিশুদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসকদের মতে, একসঙ্গে চার সন্তানের জন্ম খুবই বিরল ঘটনা হওয়ায় বাড়তি সতর্কতা ও বিশেষ চিকিৎসাসেবার প্রয়োজন হয়।

পরিবারের সদস্যরা জানান, টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার কাশিল গ্রামের কাশেম মিয়ার ছেলে হায়দার আলীর সঙ্গে ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার বাঘিল গ্রামের বাবুল মিয়ার মেয়ে বিথী আক্তারের বিয়ে হয়। তাদের সংসারে আগে একটি ১০ বছর বয়সী কন্যাসন্তান রয়েছে।

একসঙ্গে চার সন্তানের জন্ম হওয়ায় পরিবারে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। স্বজনরা জানান, মা ও সন্তানদের সুস্থতা নিয়েই তাদের সবচেয়ে বেশি চিন্তা ছিল। এখন সবাই ভালো থাকায় তারা আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

কুমুদিনী হাসপাতালের সহকারী পরিচালক ডা. এ.বি.এম আলী হাসান বলেন, “এ ধরনের প্রসব অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে থাকে। তাই মা ও শিশুদের জন্য প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসাসেবা নিশ্চিত করা হচ্ছে। বর্তমানে তারা সবাই সুস্থ রয়েছে।”

তিনি আরও জানান, নবজাতকদের ওজন, শ্বাস-প্রশ্বাস ও শারীরিক অবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধান অব্যাহত থাকবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন