গাজীপুরের টঙ্গীতে আধিপত্য বিস্তার, কিশোর গ্যাং ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ে দুই গ্রুপের সদস্যদের মধ্যে বেশ কয়েক রাউন্ড ফাঁকাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার রাত সাড়ে ৩টা থেকে ভোর ৫টা পর্যন্ত টঙ্গী পূর্ব আরিচপুর বৌবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নামপ্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানান, পূর্ব আরিচপুর এলাকার বৌবাজার, রূপবানের টেক, টঙ্গী রেলব্রিজ, রেললাইন, জোড়া তারখাম্বা, নদীবন্দর, মিরাশপাড়া এলাকায় মাদক ব্যবসা, আধিপত্য বিস্তার ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণকে কেন্দ্র করে কিশোর গ্যাং নেতা আরিফুল ইসলাম রাপ্পি ওরফে পিস্তল বাপ্পি ও সবুজ ওরফে ভাদাইম্মা সবুজের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল।
এরই জের ধরে বুধবার রাত সাড়ে ৩টার দিকে বাপ্পি গ্রুপের বাপ্পি, বাবুল, শাহাদাত, বাবু, শাহাবুদ্দিন ও রিপন এবং ভাদাইম্মা সবুজ গ্রুপের সবুজ, টেকনাফ, জসিম, শিশিরসহ উভয়গ্রুপের ৪০-৫০জন কিশোরগ্যাং সদস্য আগ্নেয়াস্ত্র, রামদা, চাপাতি, সামুরাই, হকিষ্টিক, এসএস পাইপ, লোহার রড নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। একপর্যায়ে উভয়গ্রুপের সদস্যরা বেশ কয়েক রাউন্ড ফাঁকাগুলি ও প্রায় ২০-২৫টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক তৈরি করে।
এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তারা বিষয়টি তদন্ত করে দেখছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

