প্রধানমন্ত্রীর গাড়িবহর আটকে বিএনপি নেতার মুক্তির দাবি

স্টাফ রিপোর্টার, টঙ্গী (গাজীপুর)

প্রধানমন্ত্রীর গাড়িবহর আটকে বিএনপি নেতার মুক্তির দাবি

গাজীপুরের টঙ্গীতে প্রধানমন্ত্রীর গাড়িবহরের গতিরোধ করে বিএনপি নেতা নূরুল ইসলাম সরকারের মুক্তির দাবি জানিয়েছেন দলটির নেতাকর্মীরা। মঙ্গলবার পহেলা বৈশাখে এ ঘটনা ঘটে।

জানা যায়, “কৃষক কার্ড” প্রি-পাইলটিং প্রকল্প ও কৃষি মেলার উদ্বোধন উপলক্ষে টাঙ্গাইলের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেলা পৌনে ১০টার দিকে বিআরটি প্রকল্পের উড়াল সড়কের টঙ্গী স্টেশন রোড এলাকায় তার গাড়িবহর পৌঁছালে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

এর আগে সকাল থেকেই প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উড়াল সড়কের দুই পাশে অবস্থান নেন। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। একপর্যায়ে নেতাকর্মীরা গাড়িবহরের গতি ধীর করে নূরুল ইসলাম সরকারের মুক্তির দাবি জানান।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, বিএনপি নেতা সরকার শাহনূর ইসলাম রনি, দুলাল হোসেন, নবীন হোসেন, মানিক মিয়া, মো. শাহিন মিয়া, হাবিবুর রহমান মিতুন, ফারুক হোসেন, আজিজুল হক, হাবিবুর রহমান, রফিকুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।

উল্লেখ্য, ২০০৪ সালের ৭ মে সাবেক এমপি আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় বিএনপি নেতা নূরুল ইসলাম সরকারকে আসামি করা হয় এবং ওই বছরই তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে হাইকোর্ট ওই মামলায় ছয় আসামির মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন এবং কয়েকজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। বর্তমানে মামলাটি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করলেও আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...