গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মাহফুজুর রহমান (২১) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আব্দুল্লাহপুর উড়াল সড়ক থেকে টঙ্গী বাজার সেনাকল্যাণ ভবনগামী সংযোগ সড়কে এ ঘটনা ঘটে।
নিহত মাহফুজ বরিশাল জেলা সদরের হায়াতসার গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে। তিনি টঙ্গী পূর্ব থানা এলাকার ব্লু ফ্যাশন নামক পোশাক কারখানায় শ্রমিকের কাজ করতেন।
পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মাহফুজ বিআরটি উড়াল সড়কের আব্দুল্লাহপুর থেকে টঙ্গীবাজার সেনাকল্যাণ ভবনের দিকে যাচ্ছিলেন। এ সময় তিনি সড়ক ও জনপদ অফিসের সামনে পৌঁছামাত্র একদল দুষ্কৃতকারী পেছন থেকে তাকে ডান পায়ের উরুতে ছুরিকাঘাত করে। এতে অতিরিক্ত রক্তক্ষরণে তিনি গুরুতর আহত হন।
এ সময় মহাসড়কে ডিএমপির ডিউটিরত পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল নিয়ে যান। পরীক্ষা-নিরীক্ষার পর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. ইসকান্দার হাবিবুর রহমান বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর মর্গে পাঠানো হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

