কিশোরগঞ্জে স্কুলশিক্ষার্থীদের কোরআনি উৎসব

কিশোরগঞ্জে স্কুলশিক্ষার্থীদের কোরআনি উৎসব

কিশোরগঞ্জে আফটার স্কুল মাকতাব শিক্ষার্থীদের কোরআনি উৎসব হয়েছে। এ সময় ২৫০ শিক্ষার্থীকে কোরআনের সবক দেওয়া হয়। একই সঙ্গে ৬৫ শিক্ষার্থীকে দেওয়া হয় বিশেষ সম্মাননা ও সনদ।

শনিবার আফটার স্কুল মাকতাব বাংলাদেশ-এর উদ্যোগে দারুল আরকাম ইনস্টিটিউটের তত্ত্বাবধানে জেলা শিল্পকলা একাডেমিতে এ আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন আল্লামা আব্দুর রাজ্জাক নদভী দা.বা.।

বিজ্ঞাপন

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুহাম্মাদ আব্দুল কাইয়ুম বলেন, ২০০৯ সাল থেকে মাকতাব শিক্ষা নিয়ে কাজ করছে দারুল আরকাম ইনস্টিটিউট। মাকতাব শিক্ষাকে একাডেমিক পদ্ধতিতে শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে কিশোরগঞ্জসহ সারাদেশে চলছে আফটার স্কুল মাকতাব কার্যক্রম। একটি আদর্শ, নীতিবান ও আত্মমর্যাদা সম্পন্ন প্রজন্ম গঠনে কুরআনি ও ধর্মীয় শিক্ষার কোনো বিকল্প নেই।

তিনি বলেন, আমরা নতুন প্রজন্মকে কোরআনের আলোয় আলোকিত করতে চাই। ধর্মীয় মূল্যবোধের শিক্ষা দিয়ে তাদের অন্ধকার জগৎ কিংবা ধর্মহীন কর্মকাণ্ড থেকে রক্ষা করে আদর্শ মুসলিম হিসেবে গড়ে তুলতে চাই। এজন্যই আমাদের এ আয়োজন।

দারুল আরকাম ইনস্টিটিউটের তত্ত্বাবধানে স্কুলশিক্ষার্থীদের জন্য দুটি বিভাগ রয়েছে। আফটার স্কুল মাকতাব বিভাগ। প্রতিদিন এক ঘণ্টা সময় দিয়ে কোরআন-সুন্নাহ, ইসলামি আকিদা, ফিকহসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে জ্ঞান অর্জন করছেন শিক্ষার্থীরা।

আফটার স্কুল হিফজ বিভাগ। এরই মধ্যে স্কুলে নিয়মিত পড়াশোনার পাশাপাশি কোরআনে হাফেজ হয়েছেন পাঁচ শিক্ষার্থী।

অভিভাবকরা বলেন, স্কুলশিক্ষার পাশাপাশি কোরআন ও ধর্মীয় শিক্ষা গুরুত্বের সঙ্গে অর্জন করছে আমাদের সন্তানরা। আফটার স্কুল মাকতাবের কার্যক্রম খুবই উপকারী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন