গাজীপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রশিবির

গাজীপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রশিবির

সাফল্যের স্বীকৃতি আর আগামীর স্বপ্নকে সামনে রেখে গাজীপুরে জিপিএ ৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী এসব শিক্ষার্থীকে উৎসাহিত করার পাশাপাশি দেশ ও জাতির নেতৃত্বে এগিয়ে আসার প্রত্যয় নিয়ে এ আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের গাজীপুর জেলা শাখা।

বিজ্ঞাপন

শুক্রবার গাজীপুরের পিটিআই অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ আয়োজনে জিপিএ ৫ অর্জনকারী শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা অংশ নেন। ছাত্রশিবির গাজীপুর শাখার সভাপতি ইসমাইল পাঠানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা।

তিনি কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, তোমাদের এই কৃতিত্বের ধারাবাহিকতা ধরে রাখতে হবে। সেই সঙ্গে সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে অবিচল থেকে ন্যায়ের পক্ষে দাঁড়াতে হবে। কৃতী শিক্ষার্থীদের দেশ ও জাতির কল্যাণে নিজেদের মেধা, যোগ্যতা ও সামর্থ্যকে কাজে লাগিয়ে আত্মনিয়োগ করার আহ্বান জানান তিনি।

প্রধান আলোচকের বক্তব্য দেন গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আইউবী। তিনি বলেন, শিক্ষাজীবনের প্রথম ধাপেই জিপিএ ৫ অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের মেধার প্রমাণ দিয়েছে। আগামী দিনে সমাজের নেতৃত্ব তাদেরই দিতে হবে। এজন্য প্রচলিত গণ্ডির মধ্যে সীমাবদ্ধ না থেকে সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও যোগ্যতার বহুমুখী বিকাশ ঘটাতে হবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক ড. আব্দুর রব। বিশেষ অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত জিএসসহ অনেকে।

অনুষ্ঠানে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন