বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি (বিআইএমটি) নারায়ণগঞ্জের বন্দরে বিদেশগামীদের তিন দিনের প্রাক-বহির্গমন ওরিয়েন্টেশন বা পিডিও কোর্সের সব কার্যক্রম এক বছর ধরে বন্ধ রয়েছে। এতে সোনারগাঁ, রূপগঞ্জ, আড়াইহাজার, নারায়ণগঞ্জ সদর ও বন্দর উপজেলার বিদেশগামী কর্মীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। দ্রুত কোর্সটি চালু করতে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ বুরো (বিএমইটি) মহাপরিচালকের বরাবর একাধিকবার চিঠি দিয়েছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি (বিআইএমটি) নারায়ণগঞ্জের বন্দর শাখায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী জিয়াউল হক।
সরেজমিন গিয়ে জানা যায়, নারায়ণগঞ্জের বন্দরে ১৯৫৮ সালে ১২ একর জমির ওপর বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি (বিআইএমটি) প্রতিষ্ঠানটি চালু হওয়ার পর থেকেই এখানে বিভিন্ন শাখায় পর্যায়ক্রমে সরকারিভাবে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং-মেরিন টেকনোলজি, শিপবিল্ডিং টেকনোলজি, মেরিন ডিজেল ইঞ্জিন আর্টিফিসার, শিপ ফেব্রিকেশন, শিপবিল্ডিং ওয়েল্ডিং, ইংরেজি, কোরিয়ান, জাপানিজ, ইতালিয়ান ভাষাসহ বিভিন্ন কোর্সে প্রশিক্ষণ দেওয়া হয়। তাছাড়া বিদেশগামী কর্মীদের সুবিধার্থে এখানে ২০১৭ সাল থেকে তিন দিনের প্রাক-বহির্গমন ওরিয়েন্টেশন বা পিডিও কোর্স চালু করে। ২০২৫ সালে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সের শিক্ষার্থীদের আন্দোলনের কারণে ওই বছরের ২১ জুলাই থেকে কোর্সটির কার্যক্রম বন্ধ করে (বিএমইটি)। এর পর থেকে হাজারো বিদেশগামী কর্মী চরম ভোগান্তিতে পড়েছেন। তাদের অন্য জেলায় গিয়ে প্রশিক্ষণ নিতে গিয়ে সময় ও অর্থের অপচয় হচ্ছে।
পাশাপাশি প্রতিষ্ঠানটিও বিভিন্ন প্রশাসনিক ও আর্থিক সংকটে পড়েছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি (বিআইএমটি) বন্দরের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী জিয়াউল হক আমার দেশকে জানান, এখানকার ডিপ্লোমা শিক্ষার্থীদের আন্দোলনের কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোর্সটি বন্ধ করে দিয়েছে। স্থানীয় রাজনৈতিক ব্যক্তি, উপকারভোগী জনগণ ও স্থানীয় ব্যবসায়ীরা কোর্সটি চালু করার জন্য বিভিন্নভাবে অনুরোধ করেছেন। তাদের অনুরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হয়েছে। তারা কোর্সটি দ্রুত চালু করার আশ্বাস দিয়েছেন।
এখানকার নিরাপত্তা প্রহরীসহ বিভিন্ন সেকশনে কর্মচারী সংকট থাকায় অনেক মালামাল চুরি হয়ে যাচ্ছে। জনবল বাড়ানোর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার জানিয়েছি ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

