গাজীপুরে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত

গাজীপুরে দ্রুতগামী অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় রুজুকা বেগম (৩০) ও তার সাড়ে তিন বছর বয়সি শিশুকন্যা ইয়ামনি নিহত হয়েছে। রোববার রাত আনুমানিক ২টার দিকে পুবাইল থানাধীন মেঘডুবি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত রুজুকা বেগম শেরপুর জেলার শ্রীবরদী থানার বাগহাতা গ্রামের সেকান্দার আলীর মেয়ে এবং মনির হোসেনের স্ত্রী। ইয়ামনি তার একমাত্র মেয়ে। তারা গাজীপুর সদর থানাধীন সালনা বাজার এলাকায় মোস্তফার বাড়িতে ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ সূত্রে জানা গেছে, রাত ১টা থেকে ২টার মধ্যে কোনো একসময় ঢাকা-বাইপাস মহাসড়কে অজ্ঞাত একটি গাড়ি মা-মেয়েকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে দুজনেই মহাসড়কে রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় পড়ে থাকেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুবাইল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

পুলিশ আহত মা ও মেয়েকে উদ্ধার করে অনতিবিলম্বে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রুজুকা বেগমকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে গুরুতর আহত শিশু ইয়ামনিকে বাঁচানোর চেষ্টা করা হলেও পরে রাত আনুমানিক ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে-ও মারা যায়।

পুবাইল থানার এসআই আনোয়ার হোসেন জানান, মা-মেয়ের লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। গাড়িটি শনাক্তকরণসহ এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া গ্রহণের কাজ চলমান রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন