সোনারগাঁয়ে বেতন-বোনাসের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

উপজেলা প্রতিনিধি, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

সোনারগাঁয়ে বেতন-বোনাসের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ
ছবি: আমার দেশ

বেতন-বোনাসের দাবিতে সোনারগাঁয়ের টিপরদি এলাকায় চৈতি গার্মেন্টসের শ্রমিকরা মঙ্গলবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে। এ ঘটনায় মহাসড়কের চট্টগ্রাম অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও বিক্ষুব্ধ শ্রমিকদের মধ্যে সংঘর্ষে হয়। একপর্যায়ে পুলিশ টিয়ারগ্যাস ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, চৈতি গার্মেন্টস কারখানার শ্রমিকরা বেতন-ভাতার দাবিতে দুপুরে মহাসড়ক অবরোধ করে আন্দোলনে নামে। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টিপরদি থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত প্রায় ১৭ কিলোমিটার তীব্র যানজট সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবরোধকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিতে চাইলে বিক্ষুব্ধ শ্রমিকরা উত্তেজিত হয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে পুলিশ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। আন্দোলনরত শ্রমিকদের দাবি, এপ্রিল মাসের বকেয়াসহ মে মাসের বেতন ঈদের আগে পরিশোধ করতে হবে। তাদের ভাষ্য, কারখানা মালিকপক্ষ পুরো বেতন দিতে অপরাগতা প্রকাশ করায় ক্ষোভ শুরু করে তারা।

কাচঁপুর হাইওয়ে থানার ওসি শামীম শেখ সাংবাদিকদের জানান, শ্রমিকরা বেতন ও বোনাসের দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করে। এতে সড়কের একটি অংশে যানজটের সৃষ্টি হয়। পরে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

এ ব্যাপারে সোনারগাঁ থানার ওসি গোলাম সারোয়ার সাংবাদিকদের জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছয় রাউন্ড টিয়ারগ্যাস ছোড়া হয়েছে, তবে কোনো গুলি চালানো হয়নি।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন