টঙ্গীতে বকেয়া বেতন ও কারখানা খুলে দেওয়ার দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

টঙ্গীতে বকেয়া বেতন ও কারখানা খুলে দেওয়ার দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতন পরিশোধ ও কারখানা খুলে দেওয়ার দাবিতে পোশাকশ্রমিকেরা আঞ্চলিক সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন।

বিজ্ঞাপন

সোমবার সকাল ৮টায় টঙ্গীর উত্তর আউচপাড়া খাঁ-পাড়া এলাকার লাকী স্টার অ্যাপারেলস লিমিটেড নামের পোশাক কারখানায় এ ঘটনা ঘটে। এতে আউচপাড়া-তিলারগাতী আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের আঞ্চলিক সড়ক থেকে সরিয়ে দেয়।

ক্ষুব্ধ শ্রমিকেরা জানান, লাকী স্টার অ্যাপারেলস লিমিটেড কারখানাটিতে প্রায় ৯৫০ জন শ্রমিক কাজ করেন। কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের গত সেপ্টেম্বর মাসের বেতন-ভাতা না দিয়ে হঠাৎ করে গত ১৩ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে। ঘোষিত সাধারণ ছুটির মধ্যেই সোমবার সকালে শ্রমিকেরা কারখানায় এসে বকেয়া বেতন পরিশোধ ও কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন। একপর্যায়ে তারা খাঁপাড়া-তিলারগাতী আঞ্চলিক সড়কে অবস্থান নেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা ও শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের আঞ্চলিক সড়ক থেকে সরিয়ে দিলে তারা কারখানার মূল ফটকের সামনে অবস্থান নেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কারখানার কয়েকজন শ্রমিক জানান, ‘আজ ২৬ অক্টোবর। অথচ আমরা এখনো গত সেপ্টেম্বর মাসের বেতন-ভাতা পাইনি। বেতন না পাওয়ায় ঘরভাড়া এবং দোকানের বাকি পরিশোধ করতে পারছি না। ছেলেমেয়ে নিয়ে কষ্টে আছি।’

এ বিষয়ে জানতে লাকী স্টার অ্যাপারেলস লিমিটেড কারখানার অ্যাডমিন ম্যানেজার মো. ফজলে আজিমের মুঠোফোনে বারবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, শ্রমিকদের সেপ্টেম্বর মাসের বেতন-ভাতা না দিয়ে কর্তৃপক্ষ কারখানাটি বন্ধ রেখেছে। শ্রমিকেরা বকেয়া বেতন পরিশোধ ও কারখানা খুলে দেওয়ার দাবিতে সোমবার সকালে কারখানার সামনে এসে অবস্থান নেন।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন