মাদারীপুরের শিবচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে রাকিবুল ইসলাম (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার সন্ন্যাসীরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাকিবুল ইসলাম ফরিদপুরের সদরপুর উপজেলার চরমানাইর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে খাসেরহাট বাজার থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন রাকিবুল। পথিমধ্যে শিবচর উপজেলার সন্ন্যাসীরচর এলাকায় পৌঁছালে সামনে থাকা আরেকটি মোটরসাইকেলকে ওভারটেক বা অতিক্রম করার চেষ্টা করেন তিনি। এ সময় তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
শিবচর হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

