ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মানদীবেষ্টিত দিয়ারা নারকেলবাড়িয়া ইউনিয়নের দুর্গম চরাঞ্চলে বজ্রপাত নিরোধে তালবীজ রোপণ ও ফলদ-ঔষধি গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুর জেলা পরিষদের সার্বিক সহযোগিতায় ফরিদপুর পরিবেশ উন্নয়ন ফোরাম এ কর্মসূচির আয়োজন ও বাস্তবায়ন করে।
শনিবার দিনব্যাপী সদরপুর উপজেলার দুর্গম চর দিয়ারা নারকেলবাড়িয়া ইউনিয়নের হাওলাদার কান্দি মাদ্রাসা ঘাট থেকে নুর উদ্দিন সরদার কান্দি পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকায় ৫০০টি তালবীজ রোপণ করা হয়। একই সঙ্গে মহিলা মাদ্রাসা মাঠে মাদ্রাসার ছাত্রছাত্রীদের মধ্যে বিভিন্ন প্রজাতির ২০০টি ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
চারা বিতরণ ও তালবীজ রোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন দিয়ারা নারকেলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাসির উদ্দিন সরদার, পরিবেশ উন্নয়ন ফোরাম ফরিদপুরের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, সদরপুর পরিবেশ ফোরামের আহ্বায়ক কবির হোসাইন, ক্যাব ফরিদপুরের সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল আলম পারভেজ, ক্যাব ফরিদপুরের সদস্য ও দীপ্ত টিভির ফরিদপুর প্রতিনিধি মো. ইয়াকুব আলী তুহিন, সুজন সদরপুরের সহসভাপতি সৈয়দ মাহমুদুজ্জামান মিল্টন, মহিলা বিষয়ক সম্পাদক আমেনা মুন্নী, পরিবেশ উন্নয়ন ফোরামের দপ্তর সম্পাদক আব্দুল বাতেন এবং শিক্ষক প্রতিনিধি মো. ইশতিয়াক।

এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তি এবং মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
এ সময় পরিবেশ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির বলেন, প্রতি বছর বজ্রপাতে দেশের বিভিন্ন এলাকায় প্রাণহানির ঘটনা ঘটে। চরাঞ্চলের মানুষও বজ্রপাতের ঝুঁকিতে রয়েছেন। তাই চরাঞ্চলে তালগাছের সংখ্যা বাড়ানোর লক্ষ্যে তালবীজ রোপণ করা হচ্ছে।
দিয়ারা নারকেলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাসির উদ্দিন সরদার বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও বজ্রপাতের ঝুঁকি কমাতে দুর্গম এই চরাঞ্চলে তালগাছসহ বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ ও চারা বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।
তিনি পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে বেশি করে বৃক্ষরোপণ করার পাশাপাশি রোপণ করা গাছের যথাযথ পরিচর্যার আহ্বান জানান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

