ট্রাকচাপায় নিহত যুবদল ও ছত্রদল নেতার পরিবারের পাশে দাঁড়িয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক)। সোমবার দুপুরে নাসিক কার্যালয়ের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান দুই পরিবারের সদস্যদের হাতে ১০ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকার আর্থিক অনুদান দেন। পরিবারের দুই সদস্যকে সিটি করপোরেশনে চাকরি দেওয়া হয়েছে।
এ সময় যুবদল নেতা মাসুম বিল্লাহর বাবা বাদশা মিয়াকে নাসিকের আইন শাখায় অফিস সহকারী পদে নিয়োগ দেওয়া হয়। ছাত্রদল নেতা আব্দুল কাদির জিলানীর স্ত্রী সোহানাকে নাসিকের স্বাস্থ্য বিভাগে নিয়োগপত্র দেওয়া হয়।
চেক প্রদান শেষে সাখাওয়াত হোসেন খান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা হলো অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক দায়িত্ব পালন করা। সেই নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবেই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত দুই পরিবারের জন্য শুধু আর্থিক সহায়তাই নয়, তাদের ভবিষ্যৎ জীবিকা নিশ্চিত করতে চাকরির ব্যবস্থাও করা হয়েছে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনি।
গত ৯ জুন সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের জালকুড়ি দশপাইপ এলাকায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বর্জ্যবাহী ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী কুতুবপুর ৯ নম্বর ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক মাসুম বিল্লাহ (২৭) ও ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী (২৬) নিহত হন।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

