কাপাসিয়ায় বাস-সিএনজি সংঘর্ষ, মা ছেলেসহ নিহত ৩

কাপাসিয়ায় বাস-সিএনজি সংঘর্ষ, মা ছেলেসহ  নিহত ৩

গাজীপুরের কাপাসিয়ায় বাস ও সিএনজি চালিত রিকশার সংঘর্ষে মা ও শিশু ছেলেসহ তিনজন নিহত হয়েছেন।

মঙ্গলবার কিশোরগঞ্জ থেকে একটি যাত্রীবাহী সিএনজি চালিত রিকশা গাজীপুর চৌরাস্তার উদ্দেশ্যে যাচ্ছিল। বিকেল তিনটার দিকে সেটি কাপাসিয়া সদরের জামিরারচর এলাকায় পৌঁছলে ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী অনন্যা ক্লাসিক পরিবহনের একটি বাসের (চট্ট মেট্রো ব-১১-১০৯৪) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি যাত্রী তৌহিদুল (২৫) এবং শিশু শায়ান (৪) মারা যায়।

বিজ্ঞাপন

ঢাকা-কাপাসিয়া-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কাপাসিয়া জামিরারচর এলাকায় মঙ্গলবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর যাত্রীবাহী অনন্যা ক্লাসিক পরিবহনের বাসটি দ্রুত চলে যায় এবং সিএনজি চালিত অটো রিকশাটির চালক আলমগীর হোসেন পালিয়ে যান।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় শায়ানের মা রত্না আক্তারকে (২৪) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঢাকা নেয়ার পথে তারও মৃত্যু হয়। নিহত তোহিদুল কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার কৃষ্টপুর গ্রামের আবুল কালামের ছেলে। আর রত্না আক্তার ও শিশু শায়ান একই উপজেলার কমলবুক গ্রামের তানভীর আহমদের স্ত্রী ও ছেলে।

সিএনজির অপর যাত্রী নিহত তৌহিদুলের বাবা আবুল কালাম (৫৫) মা তাছলিমা বেগম (৪৫) ও বোন সুবর্ণা আক্তারও (২৫) এ সময় গুরুতর আহত হন।

কাপাসিয়া থানার ওসি জয়নাল আবেদীন মন্ডল জানান, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন