নারায়ণগঞ্জে পার্কিং করা বাসে আগুন

নারায়ণগঞ্জে পার্কিং করা বাসে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা মঞ্জিল পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

বিজ্ঞাপন

শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফতুল্লার সাইনবোর্ড মোড়ে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সড়কের পাশে বাসটি পার্কিং করা অবস্থায় দুর্বৃত্তরা আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে আসা দুই দুর্বৃত্ত বাসটিতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন ছুটে এসে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও এর তীব্রতায় বাসটি পুড়ে ছাই হয়ে যায়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, ‘বাসে আগুন দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্তের পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে বাসটিতে অগ্নিসংযোগ করা হয়েছে। তবে অগ্নিসংযোগের প্রকৃত কারণ ও জড়িত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত হতে তদন্ত চলছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন