টঙ্গীতে আগুনে দগ্ধ গৃহবধূর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

টঙ্গীতে আগুনে দগ্ধ গৃহবধূর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

টঙ্গীতে রান্না করার সময় শরীরে আগুন লেগে গুরুতর দগ্ধ হওয়া মোসাম্মৎ শিলা খাতুন (৩০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত শিলা খাতুন টঙ্গীর এরশাদনগরের ৫ নম্বর ব্লকের বাসিন্দা। তিনি আব্দুস সাত্তার মন্ডল ও সুফিয়া বেগম দম্পতির সন্তান। তার স্বামী মো. সোহেল পেশায় একজন ব্যবসায়ী। তাদের সংসারে ছেলে সাবিল (৪) ও মেয়ে সায়মা (৮) রয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, গত ৩ অক্টোবর দুপুর ১২টার দিকে নিজ ঘরে রান্না করছিলেন শিলা। এ সময় হঠাৎ করে রান্নার চুলা থেকে তার পরনের কাপড়ে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন তার শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। এ সময় আগুনে দগ্ধ হয়ে জীবন বাঁচাতে চিৎকার করতে থাকেন। পরে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। সেখানে চার দিন চিকিৎসা শেষে বৃহস্পতিবার সকাল ৬টার দিকে তিনি মারা যান।

বিজ্ঞাপন

শিলার চাচা মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা। এ ঘটনায় আমাদের কোনো অভিযোগ নেই। আমরা সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন তাকে জান্নাত দান করেন।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি মোহাম্মদ মাকসুদুল আলম বলেন, এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা। খুবই দুঃখজনক। নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন