মাদারীপুর শহরের চৌরাস্তায় ১২ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৭৮ শয্যাবিশিষ্ট নতুন ডায়াবেটিক হাসপাতালের দৃষ্টিনন্দন আধুনিক ভবনের উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাসপাতালের নতুন ভবনের উদ্বোধন করেন। ভবন উদ্বোধন উপলক্ষে সকাল থেকেই রোগীদের জন্য বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা কার্যক্রম পরিচালনা করা হয়।
মাদারীপুর ডায়াবেটিক সমিতির সভাপতি কাজী হুমায়ুন কবিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খান মো. শহীদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন এবং মাদারীপুর সদর হাসপাতালের আরএমও ও ডায়াবেটিক বিশেষজ্ঞ ডাক্তার অখিল সরকার।
মাদারীপুর গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে নির্মিত এ আধুনিক হাসপাতালে রয়েছে চক্ষু অপারেশন কক্ষ, আইসিইউ বেড, অপারেশন থিয়েটার, কিডনি ডায়ালাইসিস কক্ষ, আধুনিক অপারেশন থিয়েটার, এসি কেবিন, সাধারণ বেড, দুটি লিফট, প্যাথলজি পরীক্ষাগারসহ আধুনিক চিকিৎসাসেবার বিভিন্ন সুযোগ-সুবিধা।
নতুন এ হাসপাতাল চালুর ফলে মাদারীপুরসহ আশপাশের এলাকার ডায়াবেটিস রোগীরা উন্নত ও আধুনিক চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

