মির্জাপুরে ১৫ ঘণ্টার ব্যবধানে পৃথক দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু

মির্জাপুরে ১৫ ঘণ্টার ব্যবধানে পৃথক দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু

টাঙ্গাইলের মির্জাপুরে মাত্র ১৫ ঘণ্টার ব্যবধানে পৃথক চারটি দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজন, পানিতে ডুবে একজন এবং নদী থেকে ভাসমান অবস্থায় একজনের লাশ উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় আরো ১১ জন আহত হয়েছেন।

গত বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার বেলা ১১টা পর্যন্ত উপজেলার থলপাড়া, মন্দিরাপাড়া, কোদালিয়া ও কাটরা এলাকায় এসব ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন—শেরপুর সদর উপজেলার পাকুরিয়া গ্রামের হাসমত আলীর ছেলে জিকুল হোসেন (১৮), নীলফামারী সদর উপজেলার বেংমারী সাহাপাড়া গ্রামের আজাহার মিয়ার ছেলে সামসুর রহমান সাজ্জাত (৩১), মির্জাপুর উপজেলার বহুরিয়া গ্রামের সুজন রাজবংশীর ছেলে সুশান্ত রাজবংশী (১৮), গোড়াই ইউনিয়নের কোদালিয়া গ্রামের রুস্তম আলী (৬৫) এবং টাঙ্গাইল সদর উপজেলার জুলহাস মোল্লা (৪৮)।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুরের ভাওয়াল মির্জাপুর এলাকা থেকে প্রায় ৪০ জন যুবক নৌকায় করে মহেড়া জমিদারবাড়ি পিকনিক স্পটে বেড়াতে যান। ফেরার পথে ফতেপুর ইউনিয়নের থলপাড়া এলাকায় ঝিনাই নদীর ওপর ঝুলে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে এলে ছয়জন বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই দুজন অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

মির্জাপুর থানার উপপরিদর্শক মাহমুদুল হাসান জানান, এ ঘটনায় আহত রবিন মিয়া, লিপটন মিয়া, রানা আহমেদ ও মেহেদী হাসান চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে উপজেলার বহুরিয়া গ্রামের সুশান্ত রাজবংশী গত বৃহস্পতিবার রাতে মন্দিরাপাড়া বিলে বেড় জাল দিয়ে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এলাকাবাসী জানায়, তিনি আরো সাতজনের সঙ্গে মাছ ধরছিলেন। এ সময় বিলের ওপর থাকা বৈদ্যুতিক খুঁটির সংস্পর্শে এসে তিনি পানিতে পড়ে নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় দুই ঘণ্টা অভিযান চালিয়ে সকালে তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় রতন, লিটন, গোলক, আশিক, প্রদীপ, লোকনাথ ও প্রকাশ রাজবংশী আহত হন।

অন্যদিকে সকালে গোড়াই ইউনিয়নের কোদালিয়া গ্রামের বাসিন্দা রুস্তম আলী বাড়ির পাশের খালে পাট জাগ দিতে গিয়ে পানিতে ডুবে মারা যান। পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দিলে ডুবুরি দল প্রায় ৪৫ মিনিট অভিযান চালিয়ে তার লাশ উদ্ধার করে।

এ ছাড়া বেলা ১১টার দিকে উপজেলার জামুর্কী ইউনিয়নের কাটরা লৌহজং নদী থেকে ভাসমান অবস্থায় জুলহাস মোল্লার লাশ উদ্ধার করে পুলিশ। পরে লাশটি টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান মির্জাপুর থানার উপপরিদর্শক নাইমুল হক।

মির্জাপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মেহেদী হাসান বলেন, ডুবুরি দল মন্দিরাপাড়া বিল ও কোদালিয়া খাল থেকে দুজনের লাশ উদ্ধার করেছে। মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন