ডেঙ্গু প্রতিরোধে নরসিংদীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে নরসিংদীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গুর বিস্তার রোধ ও সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নরসিংদীতে একটি বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে ও নরসিংদী পৌরসভার সার্বিক সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে সরাসরি নেতৃত্ব দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া।

বিজ্ঞাপন

অভিযানকালে জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণ ও এর আশপাশের এলাকাগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। একই সঙ্গে এডিস মশার প্রজনন রোধ এবং ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়গুলো তুলে ধরে পথচারী ও স্থানীয় মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

উপস্থিত লোকজনের উদ্দেশে জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা সবচেয়ে জরুরি। সরকারি-বেসরকারি অফিস, বাসাবাড়ি ও আশপাশের আঙিনায় যেন কোনোভাবে পানি জমে না থাকে, সে বিষয়ে সকলকে নিয়মিত নজর রাখতে হবে।

তিনি ডেঙ্গু মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ নাগরিকদের নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

তিনি আরো উল্লেখ করেন, এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও সাধারণ মানুষের সম্পৃক্ততা বাড়াতে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই। তাই এই পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার জোর তাগিদ দেন তিনি।

কর্মসূচিতে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসকগণ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, নরসিংদী পৌরসভার প্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, ডেঙ্গু প্রতিরোধ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখতে জেলাব্যাপী এ ধরনের সচেতনতামূলক পরিচ্ছন্নতা অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন