হত্যাসহ একাধিক ফৌজদারি মামলার আসামি হিসেবে সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে মানিকগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় তাকে আদালতে নেয়া হয়। চার দিনের রিমান্ড শেষে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের নির্দেশে তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মানিকগঞ্জে আনা হয়।
মমতাজ বেগম ২০০৮ সালে আওয়ামী লীগের মনোনয়নে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হন। পরে ২০১৪ ও ২০১৮ সালে মানিকগঞ্জ-২ আসন থেকে সরাসরি নির্বাচিত হন। এলাকায় অবৈধভাবে প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
দীর্ঘ সময় সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে থাকা মমতাজ বেগমের বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডার নিয়ন্ত্রণ, নিয়োগ–বাণিজ্যসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় তার ঘনিষ্ঠ আত্মীয়স্বজনরা স্থানীয় আওয়ামী লীগ ও পৌর প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন।
২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী জাহিদ আহমেদ টুলুর কাছে পরাজিত হন। এরপর তার বিরুদ্ধে থাকা পুরোনো অভিযোগগুলো সামনে আসতে থাকে।
মানিকগঞ্জের সিংগাইর থানায় একটি হত্যা মামলায় এবং হরিরামপুর থানায় হামলা, মারধর ও ভাঙচুরের মামলায় তিনি প্রধান আসামি। এছাড়া ঢাকার বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে।
সংসদ সদস্য থাকাকালে বিতর্কিত বক্তব্য ও সংসদে গান গাওয়ার কারণে তিনি একাধিকবার সমালোচিত হন।
বর্তমানে মমতাজ বেগম সিংগাইর উপজেলা আওয়ামী লীগ সভাপতির দায়িত্বে রয়েছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

