ফরিদপুরে ফয়সাল শেখ (২২) নামে এক সবজি বিক্রেতাকে হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুরের অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক মোহাম্মাদ বদিউজ্জামান এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন চাঁন সরদার (৪২), তারা সরদার (৩৫), ও বাবুল আকন্দ (৩৬)। রায় ঘোষণার সময় বাবুল আকন্দ আদালতে উপস্থিত ছিলেন। পরবর্তীতে তাকে পুলিশ পাহারায় কারাগারে নিয়ে যাওয়া হয়। দণ্ডপ্রাপ্ত পলাতক দুই ভাই চাঁন সরদার ও তারা সরদারের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেছে আদালত।
আদালত সুত্রে জানা যায়, প্রায় ১৪ বছর আগে ২০১২ সালের ৫ সেপ্টেম্বর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণাধীন ভবনে ফয়সাল শেখকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়। গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ফয়সাল ফরিদপুর শহরের মধ্য আলীপুর এলাকার বাসিন্দা মৃত আকু শেখের ছেলে।
এ ঘটনার পরেরদিন ফরিদপুর কোতয়ালী থানায় চাঁন সরদার, তারা সরদারসহ চারজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের মা ফিরোজা বেগম ।
মামলার তদন্তকারী কর্মকর্তা ফরিদপুর সিআইডির পুলিশ পরিদর্শক মো. শাহজাহান মিয়া ২০১৩ সালের ৩১ জুলাই আদালতে অভিযোগপত্র জমা দেন। মামলার শুনানি চলাকালে এজাহারভুক্ত অপর আসামি শাহিন সরদার (২২) মারা যান।
আদালতের সরকারি আইনজীবী (পিপি) চৌধুরী জাহিদ হাসান বলেন, দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণের মধ্যে আদালতে হত্যাকাণ্ডটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। এ মামলার এজাহারভূক্ত এক আসামি মারা যাওয়ায় তাকে অভিযোগপত্র থেকে বাদ দেওয়া হয়। বাকি দুজন পলাতক রয়েছে, তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করা হয়েছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

