মানিকগঞ্জে হাসপাতালে ভুল রক্ত পুশে রোগীর মৃত্যুর অভিযোগ

মানিকগঞ্জে হাসপাতালে ভুল রক্ত পুশে রোগীর মৃত্যুর অভিযোগ

মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর শরীরে ভুল রক্ত পুশ করার ঘটনায় তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে চরম উত্তেজনা সৃষ্টি হয় হাসপাতাল চত্বরে। বিক্ষুব্ধ স্বজনরা ক্ষোভে কয়েকজন ইন্টার্ন চিকিৎসককে অবরুদ্ধ করে রাখেন।

বিজ্ঞাপন

নিহত রোগীর নাম মো. বিল্লাল (৫৫)। তিনি মানিকগঞ্জ সদর উপজেলার দিঘি ইউনিয়নের খাগড়াকুড়ি গ্রামের বাসিন্দা।

জানা যায়, শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে তিনি গত বুধবার হাসপাতালে ভর্তি হন। শুক্রবার বিকাল ৪টার দিকে তার শরীরে ‘ও’ পজিটিভ রক্তের পরিবর্তে ভুল করে ‘বি’ পজিটিভ রক্ত পুশ করা হয়।

পরিবারের দাবি, ভুল রক্ত দেয়ার পরই রোগীর অবস্থার অবনতি হতে থাকে। রাত ১০টার দিকে তিনি মারা যান।

তারা অভিযোগ করেন, রক্তদানের পর রোগীর শরীর ঠান্ডা হয়ে গেলে বিষয়টি তারা হাসপাতাল কর্তৃপক্ষকে জানালেও চিকিৎসক বা নার্স কেউই সাড়া দেননি। বরং তড়িঘড়ি করে রক্তের ব্যাগ ও সংশ্লিষ্ট কাগজপত্র সরিয়ে ফেলা হয়।

নিহতের মেয়ের জামাই মো. হাসান বলেন, “আমরা সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলাম, কিন্তু আমার শ্বশুরকে ভুল রক্ত দিয়ে মেরে ফেলা হয়েছে। এই অন্যায়ের বিচার চাই।”

হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. ইশতিয়াক আহমেদ বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন, “ভুল করে ‘বি’ পজিটিভ রক্ত দেয়া হয়েছে। এটি একটি মারাত্মক ত্রুটি, যা কোনোভাবেই কাম্য নয়।”

তবে মৃতের সনদপত্রে এই ভুলের উল্লেখ না করে শুধু 'শ্বাসকষ্ট'কে মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

ডা. ইশতিয়াক জানান, “ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই মৃত্যুর সনদে তা লেখা হয়েছে।”

এ ঘটনার পরপরই হাসপাতালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্বজনরা কয়েকজন ইন্টার্ন চিকিৎসককে একটি কক্ষে অবরুদ্ধ করে রাখেন। পরে হাসপাতালের কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে জানতে চাইলে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. শফিকুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

এদিকে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ জানান, “এখনও কেউ থানায় অভিযোগ

করেনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

নিহতের পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...