গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়ার জঙ্গল থেকে মঙ্গলবার ভোররাতে বেশি দামে মাংস বিক্রির উদ্দেশ্যে ঘোড়া জবাইয়ের প্রস্তুতির সময় ৯ ঘোড়াসহ একটি ট্রাক,ছুরি, চাপাতি ও প্রাইভেটকার উদ্ধার করেছে এলাকাবাসী ।
এঘটনায় জড়িত থাকায় ৫জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার ভোররাতে উপজেলার ফুলবাড়িয়া রামচন্দ্রপুর এলাকার জঙ্গলে ঘোড়া জবাইয়ের প্রস্তুতি নিচ্ছিল একটি চক্র। স্থানীয়রা জঙ্গলে গভীর রাতে লোকজনের কথার আওয়াজ শুনতে পায়। পরে তাদের সন্দেহ হলে জঙ্গলে গিয়ে ঘোড়া জবাইয়ের প্রস্তুতির সময় ৯টি ঘোড়া, জবাইয়ের সরঞ্জাম, ট্রাক, প্রাইভেটকারসহ ৫জনকে আটক করে পুলিশে সোপর্দ করে।
আটককৃতরা হলো কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকার মজিবুর রহমানের ছেলে মোজাম্মেল হক মুন্না (৩৫), কেরানীগঞ্জের কালু পাঠানের ছেলে আবুল হোসেন (৩৮), শ্রীপুর উপজেলার চকপাড়া গ্রামের রহমতুল্লাহর ছেলে আশরাফুল আলম (৪৫), টঙ্গীর এরশাদনগরের সাজ্জাদ (৪১) ও বরকত মিয়া (৩৪)।
আটককৃতরা জানায়, ঈদে মাংসের চাহিদা থাকায় ঘোড়াগুলো জবাই করে বিভিন্ন এলাকায় গরুর মাংস হিসেবে বিক্রি করার কথা ছিল।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত ঘোড়াগুলো নিরাপদে রাখা হয়েছে এবং আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

