ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের মকরমপট্টি গ্রামে বিবদমান দুইপক্ষের মধ্যে রোববার রাতে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে কুদ্দুস মোল্লা (৫০) নামে একজন নিহত হয়েছেন। তিনি বজলু মোল্লা গ্রুপের সদস্য বলে দৈনিক আমার দেশ পত্রিকারে বিষয়টি নিশ্চিত করেছেন ইউপি চেয়ারম্যান মুনসুর আহমেদ।
এদিকে ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ আশরাফ হোসেন জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
গ্রামবাসী জানান, দীর্ঘদিনের প্রতিপক্ষ হিসেবে রাত নয়টার দিকে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে মকরপুট্টি গ্রামের মো. দবির মাতুব্বর গ্রুপ ও হাজী বজলু মুন্সি গ্রুপের মধ্যে রাতে দোকানে বসে কথা কাটাকাটি হয়। এর জের ধরে টর্চলাইটের আলোতে উভয় পক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে মাঠে নামে। দীর্ঘক্ষণ চলতে থাকে ধাওয়া পাল্টা ধাওয়া। একপর্যায়ে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারান ৫০ বছর বয়সী কুদ্দুস মোল্লা।
এদিকে কুদ্দুস মোল্লা নিহত হওয়ার খবর শুনে দবির মাতুব্বর গ্রুপের লোকজন পালাতে শুরু করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।
দবির মাতুব্বর গ্রুপের হাতে কুদ্দুস মোল্লা নিহতের খবর ছড়িয়ে পড়তেই মকরমপট্টি গ্রামের বিভিন্ন বাড়িতে রাতে লুটপাট চালানো হয়। প্রায় তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ২৫ জন গুরুতর আহত হয়েছে। আহত বেশ কয়েকজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

