মাদারীপুর সিভিল সার্জন কার্যালয়ের অধীনে বিভিন্ন সরকারি হাসপাতালের দরপত্রে অনিয়মের অভিযোগে দুদক অভিযান পরিচালনা করেছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে দুদকের মাদারীপুর সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামানের নেতৃত্বে একটি দল এই অভিযান পরিচালনা করেন। এসময় সিভিল সার্জন অফিসের বিভিন্ন কাগজপত্র দেখেন।
দুদক মাদারীপুর সমন্বিত কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি অর্থ বছরে মাদারীপুর জেলা আড়াই শ' শয্যা হাসপাতাল ও রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঔষধ সামগ্রী,সার্জিক্যাল যন্ত্রপাতি, লিলেন সামগ্রী, গজ ব্যান্ডেজ তুলা সামগ্রী, মিক্যাল রিজেন্ট সামগ্রী ও আসবাবপত্র সামগ্রীর জন্যে আলাদা ১২টি প্যাকেজে দরপত্র আহ্বান করেন। যেখানে দু’টি হাসপাতালের জন্যেই পাঁচ বছর কাজের অভিজ্ঞতাহীন ও বাজার মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য দাখিলকারী ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজের জন্যে সুপারিশ করেন সিভিল সার্জন অফিসের কর্মকর্তারা। সেই বিষয়ে ১০৬ এ ফোন করে অভিযোগ করেন এক
ব্যক্তি। ওই অভিযোগের প্রেক্ষিতে মাদারীপুর সমন্বিত দুদক কার্যালয়ের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে দরপত্রের বিভিন্ন নথিপত্র দেখতে চায় দুদক। কিন্তু সিভিল সার্জন মোহাম্মদ শফিকুল আবেদীন কমল অফিসে না থাকায় প্রয়োজনীয় কাগজপত্র পায়নি দুদক টিম। পরে সিভিল সার্জন আসলে প্রয়োজনীয় কাগজপত্র দেখে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।
এ ব্যাপারে দুদক-মাদারীপুর সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান বলেন,‘দু’টি হাসপাতালের দরপত্রের কাগজপত্রের কাগজপত্র অনুসন্ধান করা হবে। সেখানে কোনো
অনিয়ম হয়েছে কিনা সেটাও যাচাই করা হবে। পরে অভিযোগের সত্যতা পেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দাখিল করা হবে।’
এমএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

