১৯ বছর পর নরসিংদীর সেই দুঃখু মিয়ার স্কুলের মিলল স্বীকৃতি

১৯ বছর পর নরসিংদীর সেই দুঃখু মিয়ার স্কুলের মিলল স্বীকৃতি

১৯ বছর পর নরসিংদীর পাঁচদোনায় প্রতিভা প্রতিভা দুঃখু মিয়া কিন্ডার গার্টেন স্কুলের স্বীকৃতি মিলেছে। প্রধানমন্ত্রীর সাথে এই স্কুলের প্রতিষ্ঠাতা দুই হাতবিহিীন আলতাব হোসেনের সাক্ষাতের পর জেলা প্রশাসনের সহায়তায় স্কুলে বেঞ্চ দেওয়া হয়েছে। এছাড়াও দেওয়া হয়েছে প্রয়োজনীয় উপকরণ।

বিজ্ঞাপন

মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিকভাবে স্কুলের স্বীকৃতি পত্র ও বেঞ্চ স্কুলের প্রতিষ্টাতা আলতাব হোসেনের হাতে তুলে দেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা।

২০০৭ সালে প্রতিষ্ঠার প্রায় ১৯ বছর পর স্কুলের স্বীকৃতি পেয়ে আবেগে আপ্লুত হয়ে পরেন আলতাব হোসেন দু:খু মিয়া। তিনি বলেন, জন্ম থেকে আমার দুটি হাত না থাকলেও আমি দেশের সর্বোচ্চ শিক্ষা অর্জণ করে যখন কোন প্রকার চাকরি পাচ্ছিলাম না তখন নিজ বাড়িতেই প্রতিষ্ঠা করি ‘প্রতিভা দু:খু মিয়া কিন্ডার গার্টেন স্কুল’। যেই স্কুলে লেখাপড়া করে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী। কোন প্রকার সরকারি সহায়তা ছাড়াই চলছে বিদ্যালয়টি। এই বিদ্যালয়টি স্বীকৃতির জন্য বিভিন্ন অফিসে ঘুরেছি অনেকবার কিন্তু কোনো কাজ হয়নি। এবার গণমাধ্যমের সহায়তায় জেলা প্রশাসন ও প্রধানমন্ত্রীর দৃষ্টি গোচর হওয়ায় স্বীকৃতি মিলেছে পাশাপাশি স্কুলের জন্য কিছু বেঞ্চও। এতে খুশি ও কৃতজ্ঞ সরকারের প্রতি। পাশাপাশি জেলা প্রশাসনের প্রতি।

এ বিষয়ে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা বলেন, এদেশে প্রতিভা দুঃখু মিয়া আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে কোন বাধাই ইচ্ছা শক্তির বাইরে নয়। মানুষ যে ইচ্ছ করলে সবকিছুই পারে তার প্রমান। তার কাছ থেকে শিক্ষা নিয়ে আমরাও দেশের কাজে এগিয়ে যেতে পারি।

জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া বলেন, প্রতিভা দু:খু মিয়া আমাদের গর্ব। তিনি তার ইচ্ছা শক্তি দিয়ে তিনি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমরা তার স্কুলের স্বীকৃতি ও উপকরণ দিয়েছি। শুধু তিনি নয় জেলার অন্যান্য প্রতিষ্ঠানগুলোকেও শিশুদের উপযোগী প্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষে কাজ করে যাব।

জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা। আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া, অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মো. শামসুজ্জামান, স্থানীয় সরকার উপপরিচালক মো. শফি উল্লাহ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকারসহ অন্যরা।

এসময় প্রধান অতিথি উপজেলার অসহায় নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, স্কুল ব্যাগ ও গাছের চারা বিতরণ করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন