দেশ অস্থিতিশীলের ষড়যন্ত্র চলছে: মুক্তিযুদ্ধমন্ত্রী

দেশ অস্থিতিশীলের ষড়যন্ত্র চলছে: মুক্তিযুদ্ধমন্ত্রী
মতবিনিময় সভায় বক্তব্য দেন মুক্তিযুদ্ধমন্ত্রী। ছবি: আমার দেশ

বিএনপির ভাইস চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী এড. আহমেদ আযম খান বলেছেন, তারেক রহমানের সরকার হাওয়ায় ভেসে আসেনি। ‎যেদিন তারেক রহমান সরকার গঠন করেছেন সেদিন থেকেই সরকারকে অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। ফ্যাসিবাদের দোসররা ও মৌলবাদী গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্র করছে।

সোমবার (২০ জুলাই) রাত ৯টায় সখিপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় নেতাকর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, সেদিন এনসিপি আর জামায়াতের নেতারা বলেছেন, চূড়ান্ত পতনের জন্য তৈরি হন। মানে কাল্পনিক কথাবার্তা, ওনারা স্বপ্ন দেখছেন, ওনারা স্বপ্নেই কথা বলেন, বাস্তবে না। এ সরকার হাওয়ায় ভেসে আসেনি— মানুষের ৫০ শতাংশ ভোট, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তারেক রহমান সরকার গঠন করেছেন, হাওয়ায় ভেসে আসেনি। এ ধরনের বক্তব্য যদি বাদ না দেন তাহলে জনগণই আপনাদের প্রত্যাখ্যান করবে।

তিনি বলেন, মানুষকে নানানভাবে টাকা-পয়সা দিয়ে, যেখানে ২৫ লাখ টাকা করে প্রার্থীদের খরচ করার কথা এখানে ৩০০ আসনে প্রার্থী দিয়ে ২২ হাজার কোটি টাকা খরচ করেছেন, আসন পেয়েছেন ৬৮টি। আমরা হাজার কোটি টাকার মধ্যে নেই, আমরা নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী নির্বাচন করে জনগণ আমাদের ২১৩টি আসন দিয়েছেন। এ সমস্ত হুমকি ধামকি না দিয়ে আসুন আলাপ-আলোচনা করে আমরা দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যাই।

‎এ সকল হুমকি ধমকি যদি দেন তাহলে তো আপনারা আওয়ামী লীগের ভাষায় কথা বলছেন, ফ্যাসিবাদের ভাষায় কথা বলছেন। তিনি নেতাকর্মীদের সতর্ক করে বলেন, আমরা যদি এই ষড়যন্ত্রকে নস্যাৎ করতে চাই তাহলে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এই ফ্যাসিবাদের দোসররা, ওই মৌলবাদী গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার জন্য, আর দেশপ্রেমিক সরকারকে ফেলে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে। আপনারা যদি সতর্ক না থাকেন তাহলে রাষ্ট্র সরকার এবং গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে আর ক্ষতিগ্রস্ত হব আমরা। আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন