ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ, আহত ২৫

ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ, আহত ২৫

গাজীপুরের টঙ্গীতে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় উভয়গ্রুপে অন্তত ২৫ জন আহত হয়েছেন।

বুধবার দুপুরে হাজী মাজার বস্তি এলাকায় পিমকি অ্যাপারেলস লিমিটেড এর সামনে এঘটনা ঘটে।

বিজ্ঞাপন

আহতরা হলেন আনিস (৪২) আবু সাইদ (৩৮) সোহেল (৩৪), ফাহিম (২১), ইয়াসিন (২০), আসাদ (২০), ইয়াসিন (১৮), হানিফ (২৫), শুভ (১৯), রানা (১৮), সজিব (২০), উজ্জ্বল রাজ (৩৭), আল-আমিন (৩৫), হাসান (২৪), সবুজ (২৮), লিটন (৩৬), ফেরদৌস (২৫), আলমগীর (৩৫), কাউসার (২৮)। বাকিদের পরিচয় জানা যায়নি। এদের মধ্যে গুরুতর আহত আনিস, আবু সাইদ ও সোহেলকে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন।

জানা গেছে, ৫ আগস্ট পরবর্তী সময় থেকে চুক্তিপত্রের মাধ্যমে ওই কারখানার বর্জিত মালামাল নিচ্ছিলেন নেহাল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি রাশেদুল ইসলাম কিরন। গত ১৭ জুন উক্ত কারখানার সাথে বর্জিত মালামাল ক্রয়-বিক্রয়ের নতুন চুক্তি করেন ওমর ফারুক নামের জনৈক ব্যবসায়ী। তিনি টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমনের সমর্থক। নতুন চুক্তিপত্র অনুযায়ী বুধবার মালামাল আনতে যান ওমর ফারুকের লোকজন। এসময় বিএনপি নেতা কিরনের লোকজন তাদের বাধা দিলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দেন। আহতদের মধ্যে গুরুতর তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়।

এব্যাপারে টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন বলেন, জনৈক ব্যবসায়ী ওমর ফারুক কারখানাটির সাথে চুক্তিপত্র অনুযায়ী মালামাল নিতে গেলে রাশেদুল ইসলাম কিরনের অনুসারী সন্ত্রাসী ও চিহ্নিত মাদক কারবারি শাহাবুদ্দিন দাবাড়ু দলবল নিয়ে তাদের উপর হামলা চালায়। এসময় তাদের সাথে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয় তারা। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

এবিষয়ে টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি রাশেদুল ইসলাম কিরণ বলেন, আমার ব্যবসা প্রতিষ্ঠানের নামে চুক্তিপত্র অনুযায়ী কারখানা মালামাল ডেলিভারি করতে গেলে সুমন সরকারের লোকজন তাদের বাধা দেয় এবং হামলা করে।

এব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, ‘যার নামে ডিড সে ব্যবসা করবে। ঝুট নিয়ে ঝামেলা সহ্য করা হবে না। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন