ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) আসনে জামায়াত ইসলামির প্রার্থী ড. মো. ইকবাল হোসেনকে (দাঁড়িপাল্লা) এবং নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে এনসিপির প্রার্থী আব্দুল্লাহ আল আমিনকে (শাপলা কলি) সমর্থন দিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীদের সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক।
শনিবার নারায়ণগঞ্জের ফতুল্লায় খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী খন্দকার আনোয়ার হোসেনের (রিকশা) নির্বাচনী পথসভায় এসে তিনি এ ঘোষণা দেন। এ আসনে খন্দকার আনোয়ার এবং নারায়ণগঞ্জ-৩ আসনে শাহজাহান শিবলী রিকশার প্রার্থী ছিলেন।
এসময় মামুনুল হক বলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের জোটগত একক প্রার্থী ড. ইকবাল হোসেন ভূঁইয়া। এখানে আমাদের প্রার্থীর (রিকশা) বিজয়ী হওয়া দুষ্কর হবে। আমাদের শরিক দল জামায়াতের প্রার্থী এখানে বেশি সম্ভাবনাময় বলে আমাদের নিরপেক্ষ জরিপে উঠে এসেছে। নারায়ণগঞ্জ-৪ আসনে আমাদের জুলাইযোদ্ধা আবদুল্লাহ আল আমিন ১১ দলিয় জোটের একক প্রার্থী হয়ে নির্বাচন করবেন। এক্ষেত্রে বৃহত্তর স্বার্থে বাংলাদেশ খেলাফত মজলিসের সমর্থকদের ধৈর্য, সহনশীলতা ও আনুগত্যের পথ অনুসরণ করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টির আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, নারায়ণগঞ্জ-৪ আসনের খেলাফত মজলিসের প্রার্থী খন্দকার আনোয়ার হোসেন, এনসিপির প্রার্থী আবদুল্লাহ আল আমিন প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

