গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উন্নয়ন, দেশপ্রেম, সততা ও কর্মনিষ্ঠার যে আদর্শ প্রতিষ্ঠা করেছিলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সেই আদর্শ ধারণ করেই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
মঙ্গলবার (২ জুন) বিকেলে গাজীপুরের শ্রীপুরে মিজানুর রহমান খান মহিলা কলেজ মিলনায়তনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে শ্রীপুর পৌর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসমূহ।
এমপি বাচ্চু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতির যে পথ দেখিয়ে গেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সেই পথ অনুসরণ করেই দেশ পরিচালনা করছেন। তিনি জিয়াউর রহমানের দেশপ্রেম, সততা ও কর্মনিষ্ঠাকে ধারণ করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
তিনি আরো বলেন, সরকারের কার্যক্রম সফলভাবে পরিচালনার জন্য রাজনৈতিক দল ও জনগণের সহযোগিতা অপরিহার্য। এ লক্ষ্যে জনগণকে সম্পৃক্ত করে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে এগিয়ে নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
নেতাকর্মীদের উদ্দেশে এমপি বাচ্চু বলেন, কোনো মাদকাসক্ত বা মাদক ব্যবসায়ী যাতে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।” তিনি দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং সমাজ থেকে মাদক নির্মূলে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা পালনের নির্দেশনা দেন।
শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনা করেন সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা এস এম রুহুল আমিন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বেপারী, যুগ্ম আহ্বায়ক আহসান কবিরসহ পৌর বিএনপি, ছাত্রদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, মহিলা দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

