সড়কের জায়গায় বিএনপির কার্যালয় উচ্ছেদের নির্দেশ দিলেন এমপি

উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর)

সড়কের জায়গায় বিএনপির কার্যালয় উচ্ছেদের নির্দেশ দিলেন এমপি

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গায় বিএনপির অস্থায়ী কার্যালয়সহ সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দিয়েছেন সংসদ সদস্য এস এম রফিকুল ইসলাম বাচ্চু। জলাবদ্ধতা সমস্যার সমাধানে এ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞাপন

রোববার দুপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়ন এলাকায় মহাসড়ক পরিদর্শনকালে তিনি এ নির্দেশ দেন। স্থানীয়দের অভিযোগ, পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই মহাসড়কে জলাবদ্ধতা তৈরি হয়, ফলে যান চলাচলে বিঘ্ন ঘটে ।

এসময় সওজ গাজীপুরের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ-কে উদ্দেশ করে এমপি বলেন, মহাসড়কের পাশে সওজের জমি দখল করে গড়ে ওঠা বিএনপির অস্থায়ী কার্যালয়সহ অন্যান্য অবৈধ স্থাপনা দ্রুত সরিয়ে ফেলতে হবে। এতে পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন সহজ হবে এবং সড়কের শৃঙ্খলা ফিরে আসবে।

তিনি আরও জানান, জলাবদ্ধতা নিরসনে দ্রুত সময়ের মধ্যে মহাসড়কের পাশ দিয়ে ড্রেনেজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এটি হলে তেলিহাটিসহ আশপাশের এলাকার পানি সহজে নিষ্কাশন হবে।

পরিদর্শনের সময় শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ ভূঁইয়া, উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. তৌহীদুল ইসলাম, সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম, মাহফুল হাসান হান্নানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন