সহকর্মীর মৃত্যুতে দ্বিতীয় দিনেও শ্রমিকদের আন্দোলন, ৯ দফা দাবি

সহকর্মীর মৃত্যুতে দ্বিতীয় দিনেও শ্রমিকদের আন্দোলন, ৯ দফা দাবি

নারায়ণগঞ্জে আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলস পোশাক কারখানায় কর্মরত অবস্থায় লিমা আক্তারের মৃত্যুতে দ্বিতীয় দিনেও আন্দোলন করেছেন পোশাক শ্রমিকরা। কাজে যোগ দিয়েও বৃহস্পতিবার সকালে কাজ বন্ধ করেই কারখানার ভেতর বিক্ষোভ করেন তারা।

বিজ্ঞাপন

নিহত লিমা আক্তারের মৃত্যুকে কেন্দ্র করে নয় দফা দাবি উত্থাপন করে বিক্ষুব্ধরা। এদিকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের অবস্থান করতে দেখা গেছে।

আন্দোলনরত শ্রমিকদের ৯ দফা দাবিগুলো হলো- যেকোনো মুহূর্তে শ্রমিকরা অসুস্থ ও পারিবারিক সমস্যার সম্মুখীন হলে দ্রুত ছুটি নিশ্চিত করা, শুক্রবার ফ্যাক্টরি বন্ধ, প্রতিমাসের ৬ তারিখ বৃহস্পতিবার পড়লে সেদিন বেতন দেওয়া, সন্ধ্যা ৭টার পর ১ ঘণ্টা বেশি কাজ করালে টিফিন দেওয়া, শ্রমিকদের ছাঁটাই করা যাবে না, ঈদের ছুটি ১১ দিন নির্ধারণ করা, অফিসের সিনিয়ররা শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহার থেকে বিরত থাকা, লিমার মৃত্যুতে একদিন শোক পালনের উদ্দেশ্যে ফ্যাক্টরি বন্ধ রাখা, নিয়মিত যাতায়াত ভাড়া ও খাবারের খরচ বাড়ানো।

এ বিষয়ে অনন্ত এপারেল লি. এর এইচআর (এডমিন) নাজমুল হক বিকেল সাড়ে ৪টায় আমার দেশকে জানান, শ্রমিকদের ৯টি দাবি নিয়ে কর্তৃপক্ষ আলোচনায় বসেছে। এ বিষয়ে মিটিং চলমান। এখনো কোন সিদ্ধান্ত গৃহিত হয়নি।

এর আগে গত মঙ্গলবার রাতে আদমজী ইপিজেডে অনন্ত এপারেলস লি. পোশাক কারখানায় অসুস্থবোধ করার পর ছুটি না পাওয়ায় মারা গেছেন নারী শ্রমিক লিমা আক্তার। পরদিন বুধবার সকালে কাজে যোগ না দিয়ে কারখানার সামনে বিক্ষোভ করেন শ্রমিকরা। লিমা আক্তার কুমিল্লার দেবিদ্বার থানাধীন চরবকল গ্রামের বাসিন্দা কাউসারের স্ত্রী। সিদ্ধিরগঞ্জের কদমতলী গ্যাসলাইন এলাকায় একটি ভাড়া বাসায় স্বামীসহ পাঁচ বছরের একমাত্র কন্যা সন্তান নিয়ে থাকতেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন