কুলিয়ারচরে দুর্বৃত্তদের হামলায় যুবক নিহত

উপজেলা প্রতিনিধি, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)

কুলিয়ারচরে দুর্বৃত্তদের হামলায় যুবক নিহত
নিহত জুয়েল মিয়া। ছবি: আমার দেশ

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের বড়চারা বাজারের ১০০ গজ পশ্চিমে তিন রাস্তার মোড়ে দুর্বৃত্তদের হামলায় জুয়েল মিয়া (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার ১০ জুলাই সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা যায়। নিহত জুয়েল মিয়া একই ইউনিয়নের পার্শ্ববর্তী লক্ষ্মীপুর বুধাইবাড়ী গ্রামের অটোরিকশাচালক কুদ্দুস মিয়ার ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে বন্ধুর একটি ডিমের গাড়ির ওপরে চড়ে আগরপুর বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন তিনি। এ সময় পূর্ব থেকে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত ডিমের গাড়ি থেকে জোরপূর্বক তাকে নামিয়ে প্রকাশ্যে এলোপাতাড়ি মারধর করে। এ সময় পথচারীরা আহত অবস্থায় তাকে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ খবরে নিহতের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে কুলিয়ারচর থানার পুলিশ ঘটনাস্থল ও নিহতের বাড়ি পরিদর্শন করে। প্রাথমিকভাবে জানা যায়, লক্ষ্মীপুর ও বড়চারা এলাকার কয়েক যুবকের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটতে পারে। তবে দুই এলাকার যুবকদের বিরোধের সঙ্গে নিহত হওয়া যুবকের কোনো সংস্পৃক্ততা ছিল না এমন দাবি এলাকাবাসীর।

এক নিরপরাধ যুবকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন এলাকাবাসী।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলিয়ারচর থানার ওসি কাজী আরিফ উদ্দীন জানান, পুলিশ ফোর্স নিয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন। হত্যাকারীদের শনাক্ত করতে মাঠে নেমেছে পুলিশ, চলছে মামলার প্রস্তুতি।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...