ভাঙ্গায় চাঞ্চল্য

হোটেলের সামনে গাড়ি থামানো নিয়ে ঝামেলা, ফিল্মি স্টাইলে চালকের গুলি

হোটেলের সামনে গাড়ি থামানো নিয়ে ঝামেলা, ফিল্মি স্টাইলে চালকের গুলি
প্রাইভেটকার থেকে ফিল্মি স্টাইলে চালকের গুলি। ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় গাড়ি পার্কিং ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভের বশবর্তী হয়ে অজ্ঞাত নামা প্রাইভেটকারের চালক জনসমক্ষে পিস্তলের কয়েক রাউন্ড গুলি ছেঁড়ায় ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে।

সোমবার মধ্যরাতে ভাঙ্গা-ভাটিয়াপাড়া মহাসড়কের পৌরসভার হাইওয়ে থানার সামনে এ ঘটনা ঘটে। রাতের আধারে পিস্তলের গুলি ছোড়ার ঘটনায় অজানা আতঙ্ক উদ্বেগ ও উৎকণ্ঠায় সৃষ্টি হয়েছে গোটা জনপদ।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, হালকা বৃষ্টির মধ্যে ঢাকা থেকে ছেড়ে আসা প্রাইভেটকার চালক মধ্যরাতে ভাঙ্গা হাইওয়ে থানার সামনের রাস্তার একটি হোটেলের সামনে এসে দাঁড়ায়। সড়কের অন্যান্য যানবাহন ধীর গতিতে চলতে থাকায় সেখানে কিছুটা যানজটের সৃষ্টি হয়। প্রাইভেটকারের চালক ও তার সঙ্গীয় মহিলা বেশ বিড়ম্বনার শিকার হন। হোটেলের বয় চালককে তার প্রাইভেটকার সামনে এগিয়ে রাখার অনুরোধ করেন। হোটেল বয়ের কথায় চরম ক্ষিপ্ত হয়ে ওঠেন প্রাইভেটকারের চালক। পাশের সিটে বসে থাকা মহিলা হোটেল বয়কে মুখে থাপ্পড় মারে। এনিয়ে সেখানে কিছুটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। জ্যামের অন্য সকল গাড়ির চালকদের ও হোটেল বয়কে উদ্দেশ করে অস্বাভাবিক আচরণ করতে থাকেন প্রাইভেটকার চালক। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে গাড়ির ভিতরে বসেই জানালা দিয়ে মাথা উঁচিয়ে ফিল্মি স্টাইলে জনসমক্ষে কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে সেখান থেকে গোপালগঞ্জের দিকে মহিলাসহ প্রাইভেটকার চালক দ্রুত পালিয়ে যায়।

এদিকে, রাতের আধারে মোবাইল ফোনে গুলি ছোড়ার দৃশ্য ধারণের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। চালক ও অজ্ঞাত নারীর পরিচয় শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ।

ভাঙ্গা থানার ওসি মিজানুর রহমান স্থানীয় জনগণের বরাত দিয়ে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা প্রাইভেটকারটি গোপালগঞ্জের উদ্দেশে যাচ্ছিল। হাইওয়ে থানার সামনে আসার পর প্রাইভেটকার চালক গুলি ছুঁড়েছে বলে জানতে পারে পুলিশ। প্রাইভেটকার উদ্ধার, অজ্ঞাত নামা যুবক (চালক) ও তার মহিলা সঙ্গীর পরিচয় শনাক্ত করার পর পুরো ঘটনা বেড়িয়ে আসবে বলে জানান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন