ফরিদপুরের ভাঙ্গায় মাদরাসা শিক্ষার্থীদের উত্ত্যক্ত করার প্রতিবাদে দুই পক্ষের সংঘর্ষে সানোয়ার বেপারি নামে এক যুবক নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরো ১২ জন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার দুপুরে পৌর এলাকার সদরদী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হযরত ফাতেমাতুজ যহুরা (রাঃ) মহিলা মাদরাসার শিক্ষার্থীদের উত্ত্যক্ত করে আসছিল একই এলাকার বশার মাতুব্বরের ছেলে জিহাদ মাতুব্বর। সোমবার সকালে এঘটনার প্রতিবাদ করেন মাদরাসার মোহতামিম মুফতি মনির বেপারি। পরে মাতুব্বর পক্ষের লোকজন তাদেরকে হুমকি ধমকি দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুই পক্ষ ধারালো অস্ত্র ও লাঠিসোঁঠা নিয়ে সংঘর্ষ জড়ায়। সংঘর্ষে উভয় পক্ষের ১২ জন আহত হয়।
গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজে পাঠানো হয়। তাদের মধ্যে আতিয়ার বেপারির ছেলে সানোয়ারকে ঢাকা মেডিকেল কলেজে় নেওয়ার পথে মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী আছমত মাতুব্বর জানান, প্রথমে হাতাহাতি হলে উভয় পক্ষকে শান্ত করে যার যার বাড়িতে ফিরিয়ে দেওয়া হয়। পরে উভয় পক্ষের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ শুরু হয়।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

