কালুখালীতে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই

উপজেলা প্রতিনিধি, কালুখালী (রাজবাড়ী)

কালুখালীতে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই

রাজবাড়ীর কালুখালীতে আসলাম প্রামানিক (৪২) নামে এক ব্যাটারিচালিত ইজিবাইক চালককে শ্বাসরোধ করে হত্যা করার পর দুষ্কৃতিকারীরা তার ইজিবাইক ছিনতাই করেছে।

বিজ্ঞাপন

বুধবার সকালে কালুখালী উপজেলার চাঁদপুর চন্দনা নদীর ব্রিজের নিচে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।

আসলাম পাংশা উপজেলার যশাই ইউনিয়নের চরলক্ষ্মীপুর গ্রামের মৃত পিয়ার আলী ওরপে পেনু প্রামানিকের ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, সকালে সোহরাব শেখ চন্দনা নদীর ব্রিজের নিচে লাশ ভাসতে দেখে। পরে তারা থানায় খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধার করে।

নিহত আসলাম প্রামানিকের ভাতিজা আজগর প্রামানিক বলেন, মঙ্গলবার সকাল ৯টার দিকে আসলাম ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। রাতে বাড়িতে না ফেরায় আমি বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করি। সকালে চন্দনা নদীতে লাশ পাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে এসে চাচার লাশ সনাক্ত করি।

কালুখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন। উদ্ধার হওয়া লাশটি আসলাম প্রামানিকের, যাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে এবং তার ইজিবাইক ছিনতাই করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশটি ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে। আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন