নৈশপ্রহরীকে বেঁধে ৭ অটোরিকশা ও মোটরসাইকেল ডাকাতি

নৈশপ্রহরীকে বেঁধে ৭ অটোরিকশা ও মোটরসাইকেল ডাকাতি

সাভারে একটি গ্যারেজের নৈশপ্রহরীকে পিঠমোড়া করে বেঁধে রেখে সাতটি অটোরিকশা ও একটি মোটরসাইকেল ডাকাতি করে নিয়ে গেছে একদল ডাকাত। এ সময় ডাকাতরা নৈশপ্রহরীর দুটি মোবাইল ফোনও নিয়ে যায় বলে জানা গেছে।

বিজ্ঞাপন

বুধবার দিবাগত রাত ৩টার দিকে সাভার পৌর এলাকার গেন্ডা মহল্লার সচিব রোডে ইউসুফের গ্যারেজে এ ডাকাতির ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, রাত ৩টার দিকে ৭ থেকে ৮ জনের মুখোশধারী ডাকাতদল দেশীয় অস্ত্র নিয়ে গ্যারেজে প্রবেশ করে। এ সময় তারা গ্যারেজের নৈশপ্রহরীকে জিম্মি করে পিঠমোড়া করে বেঁধে রাখে। পরে গ্যারেজে থাকা অটোরিকশা ও মোটরসাইকেল নিয়ে যায়।

গ্যারেজের সিসিটিভি ক্যামেরায় ধারণ করা ফুটেজে দেখা গেছে, আনুমানিক ২৫ থেকে ৩০ বছর বয়সী ডাকাত দলের সদস্যদের প্রত্যেকের হাতে দেশীয় অস্ত্র ছিল। তারা বড় আকারের কাটার ব্যবহার করে অটোরিকশা ও মোটরসাইকেলের তালা দ্রুত কেটে ফেলে।

পরে ডাকাতরা কাছেই রাখা একটি ট্রাকে করে গ্যারেজ থেকে অটোরিকশা ও মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। এ সময় তারা গ্যারেজ থেকে সাতটি অটোরিকশা, একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন নিয়ে গেছে।

ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে সাভার মডেল থানার একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে।

সাভার মডেল থানার ওসি সাইফুল আলম জানান, এ ধরনের একটি অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। ডাকাতির ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন