আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সৌদির সঙ্গে মিল রেখে নরসিংদীতে ঈদুল ফিতরের জামাত

জেলা প্রতিনিধি, নরসিংদী

সৌদির সঙ্গে মিল রেখে নরসিংদীতে ঈদুল ফিতরের জামাত

সৌদি আরবের সাথে মিল রেখে নরসিংদীর বেলাব উপজেলায় আজ শুক্রবার পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করা হয়েছে। চট্টগ্রামের সাতকানিয়ার মির্জাখিল দরবার শরীফের অনুসারী হিসেবে তারা দেশে ঈদুর ফিতরের একদিন আগেই নামাজ আদায় করেন।

বিজ্ঞাপন

জানা যায়, মির্জাখিল দরবার শরীফের অনুসারীরা দীর্ঘ আড়াইশ বছরেরও বেশি সময় যাবৎ সৌদি আরবের সাথে মিল রেখে বাংলাদেশ সময় একদিন আগেই ঈদ উদযাপনের এই প্রথা অনুসরণ করে আসছে। এরই ধারাবাহিকতায় নরসিংদীর বেলাব উপজেলায় আব্দুল্লাহনগরে একই দিনে ঈদুল ফিতর উদযাপিত হয়। এই ঈদগাহে বেলাব উপজেলা ছাড়াও বাজিতপুর, কুলিয়ারচর, মনোহরদী, কঠিয়াদি, চালাকচর ও গাজীপুরের কাপাসিয়া এলাকার মানুষজন পবিত্র ঈদের সালাত আদায় করতে আব্দুল্লাহনগরে সমবেত হন।

মির্জাখিল দরবার শরীফ ও আব্দুল্লাহনগর খানকায়ে জাহাগিরিয়ার খাদেম সামসুল আলম কাজল এবিষয়ে জানান, শুক্রবার সকাল ১০টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে ইমামতি করেন মাওলানা মোহাম্মদ জহিরুল আলম জাহেরী। নামাজ শেষে মুসল্লিরা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।

তিনি আরো জানান, প্রায় দুই শতাধিক বছর যাবৎ দরবার শরীফের অনুসারীরা হানাফি মাজহাবের আলোকে নির্ধারিত নিয়ম অনুযায়ী ঈদুল ফিতর উদযাপন করে আসছেন। ধর্মীয় এই ঐতিহ্যকে ঘিরে প্রতিবছরই এলাকাগুলোতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

এদিকে, একই দিনে পৃথকভাবে ঈদ উদযাপনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থানে ছিল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন