গোপালগঞ্জের কোটালীপাড়ায় শিমুলবাড়ী গ্রামের পুকুর থেকে এক ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে লাশটি উদ্ধার করা হয়।
মৃত মিরাজুল খলিফা মিরু (২৪) ওই গ্রামের লাল মিয়া ওরফে রাঙ্গা খলিফার ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মিরু দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। তবে ঠিক কী কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, তা নিশ্চিত করে বলতে পারেনি কেউ। ধারণা করা হচ্ছে, গতকাল শুক্রবার রাতের কোনো এক সময় তিনি পুকুরপাড়ের গাছের ডালে লুঙ্গি পেঁচিয়ে গলায় ফাঁস দেন।
মিরুর বোন নুপুর বেগম বলেন, ‘মিরু নিয়মিত মাদক সেবন করত। শুক্রবার দুপুরে আমার কাছ থেকে কিছু টাকা নিয়ে ঢাকায় যাওয়ার কথা বলে মাদারীপুরে যায়। পরে রাতে বাড়িতে ফিরে আসে। আমাদের ধারণা, সেখান থেকে ফিরে রাতের কোনো এক সময় সে আত্মহত্যা করেছে।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) রাব্বি হাসান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লাশ বর্তমানে বাড়িতে রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

