গাজীপুরের টঙ্গীতে একটি বিদেশি পিস্তলসহ দুজনকে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানার পুলিশ। বৃহস্পতিবার ভোররাতে টঙ্গীর পাগার পাঠানপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— টঙ্গীর পাগার পাঠানপাড়া এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে জসিম (৪০) ও লালমনিরহাট জেলা সদরের নয়া কুঠিরপাড়া গ্রামের মৃত হাফেজ নুর রহমানের ছেলে শরিফুল আলম আরিফ (৩২)।
পুলিশ জানায়, সম্প্রতি পাগাড় ঝিনু মার্কেট এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। বৃহস্পতিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে ওই ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি জসিম ও আরিফকে গ্রেপ্তার করে। পরে তাদের দেওয়া তথ্যমতে পাঠানপাড়া এলাকার জনৈক মজিবরের বাড়ির ভাড়াটিয়া জসিমের কক্ষ থেকে অস্ত্র ও খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা শেষে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

