নারীর সম্মান, সমাজের উন্নয়নে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাই স্লোগানে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘স্বপ্ন কুঁড়ি’র উদ্যোগে শ্রেষ্ঠ পুত্রবধূ সম্মাননা ২০২৬ প্রদান করা হয়েছে।
সোমবার বেলা ১১টার দিকে গোয়ালন্দ উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সমাজে পারিবারিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও নারীর মর্যাদা প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরা হয়। স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাই স্লোগানধারী সংগঠনটির আয়োজনে অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শরিফুল ইসলাম, গোয়ালন্দ রাবেয়া ইদ্রিস ডিগ্রি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ, গোয়ালন্দ সরকারি কামরুল ইসলাম কলেজের সাবেক অধ্যক্ষ কে, মুহিত হিরা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হাফিজুল হক, উপজেলা যুবদলের সদস্য সচিব ও স্বপ্ন কুঁড়ি সামাজিক সংগঠনের উপদেষ্টা সানোয়ার আহমেদসহ সংগঠনের চেয়ারম্যান আবু সাঈদ মণ্ডল এবং সদস্য নাহিদুল ইসলাম, নাজমুল ইসলাম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, একটি পরিবার ও সমাজের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নারীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পারিবারিক বন্ধন সুদৃঢ় করতে এবং শ্বশুর-শাশুড়ির প্রতি সম্মান, দায়িত্ববোধ ও মানবিক আচরণ নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধি প্রয়োজন। এ ধরনের আয়োজন সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংগঠনের বিবেচনায় নির্বাচিত ৩ নারীকে শ্রেষ্ঠ পুত্রবধূ সম্মাননা প্রদান করা হয়।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

